প্রস্তাবিত সুগার কো--জেনারেশন প্রকল্প উত্তবঙ্গসহ সমগ্র দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে: বিমান প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর বুধবার বলেছেন, প্রস্তাবিত সুগার কো-জেনারেশন প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যমান সুগার মিলগুলোই শুধুমাত্র লাভবান হবে না, উত্তরবঙ্গসহ সমগ্র দেশের অর্থনীতিকে তরান্বিত করা সম্ভব।
নগরীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে বুধবার উত্তরবঙ্গ জনকল্যান সমিতি আয়োজিত ‘ ইফিসিয়েন্ট ম্যানেজম্যান্ট অব সুগার মিলস অব নর্থ বেঙ্গল’ শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
আলোচনা সভায় প্রকৌশলী মোঃ ফজলুর রহমান চিনি কলের উদ্বৃত্ত আখের ছোবড়ার সঠিক ব্যাবহার করে পরিবেশ বান্ধব বিদ্যুৎ তৈরীর প্রকল্প উপস্থাপন করেন। প্রস্তাবিত এ প্রকল্পে বলা হয়, উত্তরবঙ্গের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে তরল জ্বালানি ব্যাবহার করে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে ১৭ টাকা ব্যায় হয় এবং তা মাত্র ৩ টাকায় বিক্রির মাধ্যমে সরকার বিপুল ভর্তুকি দিতে বাধ্য হচ্ছে। কিন্তু প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে পরিবেশের কোন ক্ষতি না করেই মাত্র ২ টাকায় একই পরিমাণ পরিবেশ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এবং উৎপাদিত বিদ্যুৎ পুরো উত্তরবঙ্গের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব।
এছাড়া সুগার মিলের মোলাসিস থেকে তৈরি ইথানল ও গভীর তরল জ্বালানি ব্যাবহার করে পেট্রোলের উপর চাপ কমানো সম্ভব বলেও প্রকল্পে উল্লেখ করা হয়।
উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতির সভাপতি খন্দকার আজাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুবউজ্জামান, সাবেক তত্ববধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব হোসেন তৌফিক ইমাম প্রমুখ এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব মুহাম্মদ ফজলুর রহমান।
