২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিসি ও পিডিবি’র লোকসানের ব্যাপারে বাজেটে প্রতিফলন থাকা উচিত : ওয়ালিক

বিশ্বব্যাংক আবাসিক প্রতিনিধি ক্রিস্টিনা আই ওয়ালিক বুধবার বলেছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ দু প্রতিষ্ঠান ইতোমধ্যে যে লোকসান দিয়েছে তা পূরণে আগামী বাজেটে সরকারের দিক নির্দেশনা থাকা উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান বিশেষতঃ জ্বালানি খাতে লোকসান হচ্ছে-- বাজেটে তাই জ্বালানি তেল, বিদ্যুৎ এবং গ্যাসের মূল্য বৃদ্ধি করে সমন্বয় করা প্রয়োজন।” ওয়ালিক বিডিনিউজ প্রতিবেদককে জানান।

তিনি বলেন, আগামী ২০০৬-০৭ সালের বাজেটকে রাষ্ট্রীয় অর্থায়ন ব্যবস্থাপনা, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান এবং সামগ্রিক অর্থনীতির উন্ন্য়নের সামগ্রিক প্রেক্ষাপট থেকে দেখতে হবে ।

দুই শতাংশ সম্পূরক শুল্ক হ্রাস করতে বিশ্বব্যাংকের সুপারিশ প্রস্তাব প্রসঙ্গে ওয়ালিক বলেন, বাজেটে আমদানি শুল্ক হ্রাসের সুবিধা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের ভোক্তাদের যেমন সুবিধা হবে তেমনি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অর্থনীতি উন্মূক্ত করা সম্ভব হবে।

বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি বলেন, সম্পূরক শুল্ক হ্রাসের মাধ্যমে ২ শতাংশ গড় শুল্ক হ্রাসের মধ্যদিয়ে কর কাঠামো আরো সহজ হবে পাশপাশি স্বচ্ছতাও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, করের হার হ্রাস সবসময়ে রাজস্ব আয় কমায় না বরং নিু কর হার আমদানি বৃদ্ধি ও রাজস্ব বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে যার মাধ্যমে কর হ্রাসের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব।

তিনি আরো বলেন, আমরা বিশ্লেষণে দেখেছি, সম্পূরক শুল্ক হ্রাসের পর আমদানি রাজস্ব বৃদ্ধি পেয়েছে। এমনকি আমদানিসহ অন্যান্য উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়নি।

ওয়ালিক বলেন, বাজেটে বাজস্ব আদায়ে গতিশীল করা দরকার যাতে আগের তুলনায় দরিদ্রদের সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য সামাজিক কর্মসূচীতে অধিক ব্যয় করা যায়।        

তিনি বলেন, এসব নিশ্চিত করা সম্ভব যদি কর আদায়ের উন্নতি ঘটে, করের ভিত্তি এবং কর ফাঁকি দেওয়া রাস্তাগুলো বন্ধ করা যায়।

ওয়ালিক বলেন, আন্তর্জাতিক মানের দিক দিয়ে বাংলাদেশের কর আদায় অত্যন্ত স্বল্প। ধনী ব্যক্তিরা কর প্রদানের মাধ্যমে অন্যান্য উন্নয়নের সঙ্গে সঙ্গে দ্ররিদ্রদের সহায়তা করতে পারে।