বাজেট উপস্থাপনার শীর্ষে সাইফুর রহমান: এবার ৬৯ হাজার কোটি টাকার বাজেট
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানই স্বাধীনতার পর বাংলাদেশের ১২টি বাজেট পেশের রেকর্ডের একমাত্র অধিকারী।
অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান ১৯৮০--৮১ অর্থবছরের প্রথম বাজেট পেশ করেন। জাতীয় সংসদে তিনি তার দ্বিতীয় বাজেট পেশ করেন ১৯৮১--৮২ অর্থবছরে। বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০০৬--০৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। এটি হবে সাইফুর রহমানের ১২ তম বাজেট।
বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) ১৯৯১ সালে ক্ষমতায় ফিরে আসে। ওই মেয়াদে বিএনপি ক্ষমতায় থাকাকালে তিনি পরপর পাঁচটি বাজেট পেশ করেন। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় আসে। বিএনপি সরকারের বর্তমান মেয়াদে তিনি ইতোমধ্যে চারটি বাজেট পেশ করেছেন।
সাইফুর রহমানের প্রথম বাজেট ৪ হাজার ১০৮ কোটি টাকার একটি ক্ষুদ্র বাজেট হলেও এবারের বাজেট একটি বৃহত্তম বাজেট। ২৬ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন ব্যয়সহ ২০০৬--০৭ অর্থবছরের বাজেট ৬৯ হাজার কোটি টাকার।
অবকাঠামোগত সংস্কারের সমর্থক সাইফুর রহমান রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়ার ক্ষেত্রে অন্যতম ব্যক্তি হিসেবে ভূমিকা পালন করেন।
পেশাগত জীবনে এম সাইফুর রহমান একজন চার্টার্ড একাউন্ট্যান্ট। বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে ১৯৯১ সাল থেকে তিনি পথপ্রদর্শকের ভূমিকা পালন করে আসছেন।
সাইফুর রহমান ব্যাংকিং পদ্ধতির সংস্কার ও মূল্য সংযোজন কর (ভ্যাট) চালু করার মাধ্যমে সারা দেশে বিতর্কের ঝড় তোলেন।
২০০১ সালে তিনি আরও বেশ কিছু সংস্কার পদক্ষেপ গ্রহণ করেন। তিনি দেশের বৃহত্তম রাষ্ট্রায়াত্ত্ব শিল্প কারখানা আদমজী জুট মিল বন্ধ করে দেন। এ কারখানার কারণে সরকারকে প্রচুর পরিমাণে লোকসান দিতে হচ্ছিল। এছাড়া তিনি বাজারভিত্তিক মুদ্রা বিনিময় হার প্রবর্তন করেন।
স্পষ্টভাষী অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সম্প্রতি তার নির্বাচনী এলাকা সিলেটের এক তরুণ বিএনপি নেতার সাথে কোন্দলের সূত্র ধরে পদত্যাগের হুমকি প্রদান করে রাজনৈতিক অঙ্গনে তুমুল হৈচৈ ফেলে দেন।
সাইফুর রহমান তার নিজ দলেরই প্রতিপক্ষ সাংসদ ইলিয়াস আলীকে দল থেকে বহিষ্কার করা না হলে পদত্যাগ করবেন বলে দলের হাইকমান্ডকে হুমকি দেন।
