রাজনৈতিক কারণে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার: বিশ্বব্যাংক
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও সরকার এত দিনেও তেলের মূল্যে সামঞ্জস্য আনেনি। বিশ্বব্যাংক মঙ্গলবার এ কথা বলেছে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন আই ওয়ালিক বলেন, রাজনৈতিক কারণেই তেলের দাম বাড়ানো হয়নি। তেলের দাম বাড়ানোর মতো কোনও সিদ্ধান্ত নিয়ে কোনও সরকারই জনপ্রিয়তা হারাতে চায় না।
তিনি বলেন, বাংলাদেশে পেট্রোলিয়াম জাত দ্রব্যের কম মূল্যের কারণে আমরা উদ্বিগ্ন। এর ফলে আর্থিক শৃঙ্খলা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হবে।
তিনি রাজনৈতিক বিবেচনায় ১৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের সরকারি পরিকল্পনার সমালোচনা করেন।
বাংলাদেশে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর আয়োজিত ‘টুয়ার্ডস এ স্ট্রাটেজি ফর অ্যাচিভিং দ্য এমডিজি আউটকামস ইন বাংলাদেশ’ শীর্ষক দু দিনব্যাপী কর্মশালার ফলাফলের ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রিস্টিনা ওয়ালিক বক্তব্য রাখেন।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর এ সংবাদ সম্মেলন হলেও প্রশ্নোত্তর পর্বে জ্বালানি তেল, গার্মেন্টস কারখানায় সাম্প্রতিক সহিংসতা এবং আগামী সাধারণ নির্বাচনের আগে রাজনৈতিক সংঘাতের মতো বিষয়গুলো উঠে আসে।
সংবাদ সম্মেলনে ডিএফআইডি’র হিউম্যান ডেভেলপমেন্ট টিমের উর্ধ্বতন কর্মসূচি ব্যবস্থাপক গ্যারেথ এইকেন, গ্রামীণ ব্যাংকের দীপাল চন্দ্র বড়–য়া এবং বিশ্বব্যাংকের কাইসার এম খান বক্তব্য রাখেন।
