২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে কনজেশন সারচার্জ আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি করেছে এফবিসিসিআই

চট্টগ্রাম বন্দরে কান্টেইনার কার্গো পরিবহনে কনজেশন সারচার্জ আরোপ করায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) মঙ্গলবার গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তা প্রত্যাহার দাবি করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বরা হয়, প্রতিটি ২০ ফুট কন্টেইনারের জন্য ১৩০ ডলার হারে ওই সারচার্জ আরোপ করা হয়েছে। যদিও ফিডার অপারেটররা এই সারচার্জ আরোপের যৌক্তিকতা প্রমান করতে পারেনি। এ ধরনের সারচার্জ আরোপের ফলে দেশের সার্বিক ব্যবসা এবং অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়ী সম্প্রদায় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ফিডার অপারেটরদের  সারচার্জ আরোপের যথাযথ কারণ ও এর হিসাব দেওয়ার কথা থাকলেও তারা তা করতে ব্যর্থ হয়েছে। বিভিন্ন পণ্যবাহী জাহাজ থেকে পণ্য খালাসে ১২ থেকে ১৩ দিন সময় প্রয়োজন হয় বলে ফিডার অপারেটররা নোটিশ দিলেও, প্রকৃতপক্ষে বর্তমানে এজন্য ৭/৮ দিন সময় ব্যয় হয়। তাই সারচার্জ আরোপের কোন যৌক্তিকতা নেই। এছাড়া সারচার্জ আরোপের ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধি পাবে এবং তা সাধারণ মানুষের জন্য ভোগান্তির সৃষ্টি করবে বলেও এফবিসিসিআই মনে করে ।

এফবিসিসিআই তার বিবৃতিতে আরও বলে, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। বন্দরটি ভৌগলিকভাবেও কৌশলগত অবস্থানে রয়েছে। এফবিসিসিআই তাই মনে করে, পন্য খালাসের সময় কমিয়ে আনতে বন্দরে আধূনিক যন্ত্রপাতি স্থাপন করা প্রয়োজন।

সাম্প্রতিক এই সারচার্জ আরোপের ফলে ব্যবসা-বাণিজ্য পরিচালনার খরচ বৃদ্ধি পাবে তাই আরোপিত সারচার্জ অবিলম্বে প্রত্যাহারের জন্যও এফবিসিসিআই’র পক্ষ থেকে ফিডার অপারেটরদের প্রতি আহবান জানানো হয়।