২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডে শ্রমিক অসন্তোষ: বেপজা - বিনিয়োগকারীদের বৈঠকেও ডিইপিজেড চালুর ব্যাপারে সিদ্ধান্ত হয়নি

ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) শ্রমিক অসন্তোষ নিরসন সংক্রান্ত পর্যালোচনা বৈঠক কোনও সিদ্ধান্ত ছাড়াই রোববার শেষ হয়েছে। দু’ দিনের মধ্যে নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিলেও বাণিজ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে পারেননি বিনিয়োগকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বিনিয়োগকারীদের দু ঘণ্টাব্যাপী বৈঠকে ডিইপিজেড চালু করার ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। শনিবার ব্যাপক শ্রমিক বিক্ষোভের মুখে ডিইপিজেড বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল বিনিয়োগকারী সমিতি (বেপজিয়া) সংগঠনের ভাইস চেয়ারম্যান কায়সার রহমানের নেতৃত্বে পরিস্থিতি পর্যালোচনা এবং বন্ধ কারখানা পুনরায় চালু করার জন্য একটি পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

বেপজিয়া সোমবার বিকেলে পর্যালোচনা কমিটির দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করে দেখবে।

ঢাকায় বেপজা’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বেপজিয়া অভিযোগ করেছে যে, ডিইপিজেডে ভাংচুর বন্ধে রাজনৈতিক ও সরকারি প্রতিশ্র“তি কোনও কাজে আসেনি।

তারা আইনশৃঙ্খলা বাহিনী ও র‌্যাবের উপস্থিতিতে ডিইপিজেডে কারখানা ভাংচুর হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের ব্যাপারে এবং শনিবারের ভাংচুর বন্ধে সরকারের প্রতিশ্র“তির ব্যাপারে তাদের হতাশা ব্যক্ত করেন।

বেপজিয়া নেতারা অভিযোগ করেন, শ্রমিকরা বেআইনিভাবে কারখানা ও কর্মকর্তাদের ওপর হামলা চালালেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয় ছিল।

বাণিজ্যমন্ত্রী এম হাফিজউদ্দিন আহমেদ, বেপজার ভাইস চেয়ারম্যান কায়সার রহমান, নাকা বুনা, এসএ নূর, আনিসুল ইসলাম মাহমুদ এবং বেপজার নির্বাহী চেয়ারম্যান জাকির হোসেন বৈঠকে বক্তব্য রাখেন।

বেপজিয়ার চেয়ারম্যান এবং ইয়ংগুন কাইহাক সাং কোরিয়া থেকে টেলিফোনে বৈঠকে অংশ নেন।

সাং তার বক্তব্যে ডিইপিজেডে ভাংচুরের সময় নিরাপত্তা পর্যাপ্ত ছিল না বলে জানান।

শ্রমিকদের অভিযোগের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, অভিযোগ নিস্পত্তি বিবরণী আরও বিশদ হওয়া উচিত এবং আরও ভালোভাবে বেপজার আইনে লিখিত থাকা উচিত।

তিনি ডিইপিজেডে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে নিরাপত্তা ব্যবস্থা, অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়াসহ বিভিন্ন বিধিবিধান এবং অন্যান্য বিষয়গুলোর উন্নয়ন ঘটানোর প্রস্তাব রাখেন।

হাফিজ উদ্দিন আহমেদ ডিইপিজেডের ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেন এবং এজন্য তিনি বিদেশি বিনিয়োগকারীদের কাছে দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, একজন সচিবের নেতৃত্বে শনিবারের ঘটনার তদন্তের জন্য আমরা একটি কমিটি গঠন করেছি। ইপিজেডের ভেতরে ও বাইরে কোনোধরনের ভাংচুরের ঘটনা বরদাস্ত করা হবে না বলেও তিনি জানান।

কায়সার রহমান বলেন, বহিরাগতদের হস্তক্ষেপের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।

আনিসুল ইসলাম মাহমুদ জানান, সমস্যা যারা সৃষ্টি করেছে তারা বহিরাগতদের ইন্ধনে ভাংচুর চালিয়েছে।

বৈঠকে উপস্থিত অধিকাংশ বিনিয়োগকারী ব্যক্তিগত উদ্যোগে শ্রমিক সংগঠন ও সমাজকল্যাণমূলক সংগঠনের সাথে আলোচনার মাধ্যমে শ্রমিক সংশ্লিষ্ট সমস্যার সমাধানের ব্যাপারে তাদের সদিচ্ছা ব্যক্ত করেন।

জাকির হোসেন বৈঠকে জানান, দায়িত্বে অবহেলার কারণে ইতোমধ্যে ডিইপিজেড কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে।

বেপজা কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার বিষয়টিও খতিয়ে দেখার জন্য মহাব্যবস্থাপককে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।