২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের পরিস্থিতি থমথমে, আতঙ্কিত এক শ্রমিক লাফিয়ে পড়ে নিহত, ডিইপিজেডে রেড এলার্ট

সাভারের ইপিজেড এলাকার ভেতর ও বাইরে রোববার কোনো কর্ম--চাঞ্চল্য ছিলো না। সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিতে এসে ফ্যাক্টরি বন্ধ শুনে যে যার বাড়ি ফিরে যায়। ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, বিডিআর ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

শনিবার নতুন করে শ্রমিক অসন্তোষের পর গার্মেন্টস এলাকার পুরো চিত্রই বদলে গেছে। রোববার ইপিজেড এলাকা শান্ত থাকলেও এর বাইরে একাধিক ফ্যাক্টরিতে ছিলো উত্তেজনা। শ্রমিকদের হামলায় মালিকপক্ষের ২০ কর্মকর্তা আহত হয়েছে। 

এদিকে আতঙ্কিত একজন গার্মেন্টস শ্রমিক তিন তলা থেকে লাফিয়ে নিচে নামতে গিয়ে নিহত হয়েছে।

আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ডিইপিজেড ও এর আশপাশের এলাকায় রেড এলার্ট ঘোষণা করেছে।

সাভারের সীমান্তবর্তী পানিশাইল কাশিমপুর এলাকায় শ্রমিকদের হট্টগোলে মাছিহাকা সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকরা দ্রুত ফ্যাক্টরি থেকে নামার সময় তয় তলা থেকে পড়ে বিদ্যুতের তারে জড়িয়ে রফিকুল ইসলাম রাজু (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়।

তার সহকর্মীরা জানায়, কারখানাটিতে গুজব ছিলো বিক্ষোভকারী শ্রমিকরা কারখানাটি আক্রমন করতে আসছে। এতে আতঙ্কিত হয়ে রাজু তিন তলা থেকে লাফ দেয়। এ সময় সে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার বাড়ি টাঙ্গাইলে। আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে একই কারখানার শ্রমিক জ্যোৎøা ও রেবেকা পদপিষ্ট হয়ে আহত হয়।

তার একজন সহকর্মী জানান, নিহত রাজু টাঙ্গাইল জেলার নাগরপুর থানার জোগাতলা গ্রামের আব্দুল কাউয়ুমের ছেলে।

শনিবার সন্ধ্যা থেকেই ডিইপিজেডের সকল ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়। আকস্মিক বন্ধের ফলে ভোর থেকে শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিতে আসে। এসময় তারা নিরাপত্তারক্ষীদের ব্যরিকেডে পড়ে। আকস্মিক বন্ধ ঘোষণা করার কারণে উত্তেজনা দেখা দিতে পারে, এ আশঙ্কায় গোটা এলাকায় আগে থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) প্রশান্ত ভূষণ বড়–য়া বলেন, শ্রমিক অসন্তোষের ফলে ইপিজেড বন্ধ থাকায় ১৪ হাজার কোটি টাকার বিদেশি রপ্তানির অর্ডার বন্ধ হয়ে যেতে পারে।

তিনি আরো বলেন,এতে বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ হারাবে। 

এদিকে বেপজা কার্যালয়ে রোববার বিকেল ৩টায় বাণিজ্য মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বেপজা কর্মকর্তা, বিজিএমইএ’র কর্মকর্তা ও শ্রমিক নেতাদের নিয়ে যে বৈঠক হওয়ার কথা ছিলো, তা পরিবর্তন করে সচিবালয়ে শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রীর কার্যালয়ে আয়োজন করা হয়। বেপজা কর্তৃপক্ষ ডিইপিজেডের ৪০জন শ্রমিক নেতাকে বাছাই করে বৈঠকে যোগদানের জন্যে মনোনীত করে।

শ্রমিকরা তাদের ১১ দফা দাবিতে ২২ মে থেকে আন্দোলনে নামে।