২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় খেলাপীদের রিট পিটিশনের কারণে ৬,৪৪৫ কোটি টাকা খেলাপীঋণ আদায় স্থগিত

আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বৃহস্পতিবার জোর দিয়ে বলেছেন, বড় খেলাপীরা উচ্চ আদালতে রিট পিটিশন করে ব্যাংকগুলোর খেলাপী ঋণ আদায় কার্যক্রম স্থগিত করে রাখলেও শেষ পর্যন্ত তাদেরকে ঋণ পরিশোধ করতেই হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 07:28 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) আয়োজিত ‘অর্থঋন আদালত আইন-২০০৩’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, প্রয়োজন হলে অর্থঋণ আদালত আইন ২০০৩ সংশোধন করা হবে এবং অর্থঋণ আদালতে  বিভিন্ন ব্যাংকের দায়ের করা মামলার বিপরীতে বড় খেলাপীরা যে সকল রিট মামলা করেছে তা  দ্র“ত নিষ্পত্তির জন্য অচিরেই হাইকোর্টে একটি আলাদা বেঞ্চ গঠন করা হবে।

এসোসিয়েশনের সভাপতি ও ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম আমিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ। রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এটর্নী জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকগণ ও ব্যাংকের আইন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী আরো বলেন, ঋণ খেলাপীরা সাধারণ মানুষের আমানতের টাকা ঋণ নিয়ে ফেরৎ দিচ্ছে না। কঠোর অর্থঋণ আদালত আইন প্রণয়ন করা করা হলেও খেলাপীরা আইনের ফাঁক--ফোকর বের করে উচ্চ আদালতে রিট করে ঋণ আদায় কার্যত্রক্রম আপাতত স্থগিত রাখতে পারছে। কিন্তু জনগনের আমানতের টাকা তাদের ব্যাংকগুলোকে ফেরৎ দিতেই হবে।  খেলাপী ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরো সক্রিয় হওয়ার পরামর্শ দিয়ে আইনমন্ত্রী বলেন, ব্যাংকগুলোর উচিৎ শীর্ষ ঋণ খেলাপীদের মোকাবেলা করতে শীর্ষ আইনজীবীদের নিয়োগ করা।

আলোচনা সভায় জানান হয়, অর্থঋণ আদালতে বিভিন্ন ব্যাংকের দায়ের করা ৪৫ হাজার ৭৪৯ টি মামলার বিপরীতে অনাদায়ী খেলাপী ঋণের পরিমান ১৬ হাজার ৪ শ’ ৪১ কোটি টাকা। অর্থঋন আদালতে দায়ের করা এসব মামলার বিপরীতে বড় খেলাপীরা উচ্চ আদালতে ১ হাজার ৭ শ’ ৬৮ টি রিট পিটিশন দায়ের করে ৬ হাজার ৪ শ’ ৪৫ কোটি টাকা খেলাপীঋণ আদায় কার্যক্রম স্থগিত করে রেখেছে। রিট পিটিশনের কারনে রাষ্ট্রায়ত্ত^ বাণিজ্যিক ব্যাংকগুলোর ৪৯ শতাংশ খেলাপীঋণ, বিশেষায়িত ব্যাংকের ২১ শতাংশ, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ২৯ শতাংশ এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংকের দশমিক ৩ শতাংশ খেলাপী ঋণ আদায় কার্যক্রম স্থগিত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহ উদ্দিন আহম্মেদ বলেন, দেশের ব্যাংকিং খাতে ১৬ হাজার কোটি খেলাপী ঋণের মধ্যে ৬ হাজার কোটি টাকাই শীর্ষ ২০ খেলাপীদের কাছে পাওনা রয়েছে। এটা সত্যিই ভাবনার বিষয় । শীর্ষ খেলাপীদের সঙ্গে কোন ধরনের আপোষ না করতে তিনি ব্যাংকগুলোকে সতর্ক করে দেন। তিনি বলেন, খেলাপী ঋণ আদায় করতে হলে ব্যাংকগুলোর আইন বিভাগকে আরো সক্রিয় হতে হবে। 

এটর্নী জেনারেল এ জে মোহাম্মদ আলী বলেন, ব্যাংকগুলোর দাবি অনুযায়ি রিট মামলাগুলোর দ্র“ত  নিস্পত্তির  জন্য তিনি আরো একটি আলাদা বেঞ্চ গঠনের চেষ্টা করবেন। তিনি বলেন, ব্যাংকগুলোর নিয়োগ করা  আইনজীবীরা সক্রিয় থাকলে রিট মামলাগুলো দ্র“ত নিষ্পত্তি করা সম্ভব।

সভাপতির বক্তৃতায় এম আমিনুজ্জামান বলেন, অর্থঋণ আদালত আইন খেলাপী ঋণ আদায়ে কাজ করছে না। বড় ও প্রভাবশালী ঋণ খেলাপীরা অর্থঋণ আদালতের প্রতিটি কার্যত্রক্রমের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করে ঋণ আদায় কার্যত্রক্রম স্থগিত করে দিচ্ছে। তিনি বড় খেলাপীদের দায়ের করা রিট গুলোর দ্র“ত নিস্পত্তির জন্য হাইকোর্টে আলাদা একটি বেঞ্চ গঠনসহ উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে সরকারের প্রতি অর্থঋণ আদালত আইন সংশোধনের দাবি জানান।