২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আবারো শ্রমিক অসন্তোষ: ২ বিদেশিসহ ১৫ শ্রমিক আহত, তিনদিনে ৭ কারখানা বন্ধ

সাভারের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষ চরম আকার ধারণ করেছে। দাবি না মানায় কারখানা মালিক পক্ষের ১৫ জন এবং দুই বিদেশি কর্মকর্তাকে উত্তেজিত শ্রমিকরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 05:17 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, লেলি ফ্যাশনের শ্রমিকরা তাদের ১১ দফার ব্যাপারে কথা বললে মালিক পক্ষের মুখপাত্র বিমান তাদের গালাগাল শুরু করে। এতে করে লেলি ফ্যাশনের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

আন্দোলনকারী শ্রমিকদের একজন জানান, সাপ্তাহিক ছুটি, পরিবহন সুবিধা, দুপুরের খাবার ও ওভারটাইমের দাবিতে মালিক বরাবর আবেদন জানাতে চাইলে প্রাশাসনিক কর্মকর্তা লেলি ফ্যাশনের মালিক পক্ষের কর্মকর্তা বিমানের কাছে নিয়ে যায়।

দাবিদাওয়ার কথা শুনে বিমান (বিদেশি) তাদের গালাগাল করে। এতে ক্ষিপ্ত শ্রমিকরা ওই কর্মকর্তার রুমেই দুজনকে পিটিয়ে আহত করে।

এ ঘটনার পর গার্মেন্টস শ্রমিকরা লেলি ফ্যাশনের ভিতরেই বিক্ষোভ শুরু করে।

লেলি ফ্যাশন কর্তৃপক্ষের একজন জানান, আমরা তাদের শান্ত করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাদের ১৩ জনকে মারধর করে।

পরে শ্রমিকরা তাৎক্ষণিকভাবে কর্মবিরতি শুরু করে এবং ফ্যাক্টরির সামনে অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার এক ঘণ্টা পর বেপজা কর্মকর্তা জিএম কামাল র‌্যাব ও পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন এবং কারখানার মালিক পক্ষ, পুলিশ ও র‌্যাব সদস্যদের নিয়ে শ্রমিকদের সাথে আলোচনায় বসেন।

উল্লেখ্য, গত তিন দিনে সাভার ইপিজেডের সাতটি কারখানা শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো হচ্ছে: রিংসাইন, শাইন ফ্যাশন, অনার ওয়ে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, সোয়ান লোন, ইয়াং ওয়ান, সফট টেক্স এবং এ- ওয়ান।