২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকের মজুরি না বাড়ানো হলে ক্ষুদ্রঋণ দারিদ্র বিমোচনে সহায়ক হবে না: অধ্যাপক মাহমুদ

প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ মঙ্গলবার বলেছেন, কৃষি ও পোশাক খাতের মতো অর্থনীতির প্রধান প্রধান খাতের শ্রমিক কর্মচারিদের মজুরি না বাড়ানো হলে ক্ষুদ্রঋণ কর্মসূচি দরিদ্রতা বিমোচনে সহায়ক হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ক্ষুদ্রঋণ কর্মসূচি দরিদ্রতার হার বৃদ্ধি প্রতিরোধ করতে পারে। তিনি বলেন, প্রধান প্রধান অর্থনৈতিক খাতের মজুরি না বাড়ানো হলে দরিদ্রতা বিমোচন সম্ভব নয়।

ঢাকা শেরাটন হোটেলে সিটিগ্রুপ ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার ২০০৬ প্রবর্তন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

নেতৃত্ব, উদ্যোক্তা পর্যায়ে দক্ষতা ও ব্যক্তি পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তার স্বীকৃতি দিতে ও তাদেরকে সম্মানিত করতে ২০০৬ সালের জন্য পাঁচটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার প্রদান করা হবে।

বাংলাদেশে সিটিগ্রুপের শাখা সিটিব্যাংক এনএ ও পিকেএসএফের ব্যবস্থাপনায় পরিচালিত কর্মসূচিতে জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার, দৈনিক প্রথম আলো, চ্যানেল আই ও ঢাকা শেরাটন হোটেল অংশীদারী সংগঠন হিসেবে কর্মসূচিতে যোগ দিয়েছে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, কোনো অর্থনীতিতে যখন শ্রমিকদের দাবি পূরণ, কাজের সুযোগ সৃষ্টি ও মজুরি বাড়ানো হয়, তখন সে অর্থনীতিতেই দরিদ্রতা বিমোচনের লক্ষ্য অর্জনযোগ্য হয়।

তিনি বলেন, গত ১৫ বছরে আমরা মধ্যম স্তরের প্রবৃদ্ধি অর্জন করেছি। কিন্তু কৃষি ও পোশাক শ্রমিকদের মজুরি সার্বিক অর্থনীতির প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে বৃদ্ধি করা হয়নি।

তিনি বলেন, ক্ষুদ্রঋণ কর্মসূচি দরিদ্রতা প্রবৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করেছে। পাশাপাশি আত্ম কর্মসংস্থানের পরিমানও বেড়েছে। দরিদ্রতার স্তর নামিয়ে আনতে আত্মকর্মসংস্থান বৃদ্ধির সমপরিমাণ মজুরিভিত্তিক কর্মসংস্থান বৃদ্ধি করার প্রয়োজনীয়তার ওপর ওয়াহিদউদ্দিন মাহমুদ গুরুত্বারোপ করেন।

অতিদরিদ্র জনগোষ্ঠীর কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষুধামুক্ত বাংলাদেশ নিশ্চিত করতে  অতিদরিদ্রদের ঘরের দরজায় ক্ষুদ্র ঋণ কর্মসূচি পৌঁছে দেওয়াই হচ্ছে অন্যতম প্রধান চ্যালেঞ্জ।

কেউ যেন অনাহারে মারা না যায় তা নিশ্চিত করতে প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের মঙ্গাপ্রবণ এলাকায় বিশেষ কর্মসূচি হাতে নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।