আগামী বাজেটে কালো টাকা সাদা করার অনুমতি দেওয়া হবে না: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান সোমবার এক বাজেটপূর্ববর্তী পরামর্শসভায় সুনির্দিষ্ট করে বলেছেন, কালো টাকা সাদা করার প্রক্রিয়ায় মাধ্যমে প্রচলিত অর্থ পাচার রোধ আইনের লংঘন হওয়ায় এটি আর কোনো মতেই হতে দেওয়া যাবে না।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত বাজেটপূর্ববর্তী আলোচনাসভায় সাইফুর রহমান বলেন, আগামী বাজেটে কালো টাকা সাদা করার কোনো ধারা থাকবে না।
ইআরএফের ভারপ্রাপ্ত সভাপতি মাসুমুর রহমান আলোচনাসভায় সভাপতিত্ব করেন।
সাইফুর রহমান বলেন, পার্লামেন্টে ব্যবসায়ীদের ক্রমবর্ধমান উপস্থিতি প্রায়ই জাতীয় স্বার্থ ক্ষুণœ করে। কেননা, প্রতিটি সিদ্ধান্তেই ব্যবসা জড়িয়ে যায়।
অর্থমন্ত্রী দেশের তৈরি পোশাক খাতে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার মতো শিল্প খাতে অস্থিতিশীলতা এড়াতে বৈষম্যহীন প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তবে জ্বালানি ক্ষেত্রে অস্থিতিশীলতা সত্ত্বেও চলতি বছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশের মতো হবে বলে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন। তেলের দাম না বাড়ানোর কারণে ব্যাষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে ব্যর্থ হলে দেশের অর্থনৈতিক অবস্থায় বিশৃঙ্খলা দেখা দিতে পারে বলে মন্ত্রী ইঙ্গিত দেন।
অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী আলোচনা সভায় উপস্থিত ছিলেন। ইআরএফের সাধারণ সম্পাদক নাজমুল হাসান আলোচনা সভা পরিচালনা করেন।
কালো টাকা সাদা করা অব্যাহত রাখা হবে কিনা জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে আপনারা এটা দেখতে পাবেন।
পরবর্তীতে সাইফুর রহমান সুনির্দিষ্টভাবে বলেন, তিনি এ ধরনের (কালো টাকা সাদা করার) ধারার বিরুদ্ধে। কালো টাকা সাদা করা আমি আর অব্যাহত রাখতে চাই না। ২০০৬ - ০৭ অর্থবছরের বাজেটে এটির অনুমতি দেওয়া হবে না।
কালো টাকা সাদা করার ধারাকে অনৈতিক আখ্যায়িত করে সাইফুর রহমান এর বিরুদ্ধে অবস্থান নিলেও গত কয়েক বছরে তাকে শেষ পর্যন্ত কালো টাকার শক্তির কাছে হার মানতে হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, হাজার হাজার কোটি কালো টাকা আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনতে ১৯৭৫ - ৭৬ অর্থবছরে জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার ধারার সূচনা করা হয়েছিল। যদিও তখন মাত্র ৭ কোটি কালো টাকা সাদা করা হয়েছিল।
১৯৮৭ - ৮৮ থেকে ১৯৮৯ - ৯০ একটানা এই তিন অর্থবছরে কালো টাকা সাদা করার সুযোগ আবার দেওয়া হয়। তখন পর্যায়ক্রমে ২০০ কোটি, ২৫০ কোটি ও ৪০০ কোটি কালো টাকা সাদা করা হয়েছিল। ২০০০ - ০১ সালে সরকার আবার এ ধরনের সুযোগ দিয়ে ১,০০০ কোটি টাকা কালো টাকা সাদা করেছিল বলে সূত্র জানায়।
হাজার হাজার কোটি কালো টাকাকে আনুষ্ঠানিক অর্থনীতিতে সম্পৃক্ত করতে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার প্রাথমিকভাবে দুই বছরের জন্য (২০০৩ - ০৪) কালো টাকা সাদা করার ধারার প্রবর্তন করেছিল। তখন ১,৭৭৫ কোটি কালো টাকা সাদা করা হয়েছিল। এ সময়ে ১,০০০ জনের মতো লোক তাদের কাছে থাকা কালো টাকার বৈধকরণ করেছিল। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ৮০০ কোটি কালো টাকা সাদা করা হয়েছে।
অর্থনীতিবিদ ও দাতারা বলেছেন, দুর্নীতি কালো টাকার জন্ম দেয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক জরিপ প্রতিবেদনে বলা হয়, এ দেশের মানুষ প্রতি বছর ৬,৭৯৬ কোটি টাকা ২৫টি সেবা খাত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের ঘুষ দেয়। ঘুষের অঙ্ক জিডিপির দুই শতাংশের সমান।
