টাকার অবমূল্যায়ন ও মুদ্রাস্ফিতির ফলে বাংলাদেশ ব্যাংকের ঋণ সঙ্কোচন নীতি কার্যত অকার্যকর
টাকার অবমূল্যায়ন ও মুদ্রাস্ফিতির চাপে চলতি বছরের মার্চ পর্যন্ত গত এক বছরে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ১৭ শতাংশ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের ঋণ সঙ্কোচন নীতি সফল হয়নি।
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজকে বলেন, বেসরকারি খাতে প্রত্যাশার চেয়ে উচ্চ ঋণ প্রবাহের কারণে আমরা উদ্বিগ্ন। মুদ্রা সরবরাহ কমিয়ে আনতে গৃহীত ঋণ সঙ্কোচন নীতি অব্যাহত রাখা হবে কিনা সে ব্যাপারে আগামী মাসে সিদ্ধান্ত নেওয়া হবে।
ওই কর্মকর্তা বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবাহের মাত্রা কমিয়ে আনার উদ্যোগ ব্যাংকিং খাতের তারল্য পরিস্থিতিকে প্রভাবিত করেছে। তিনি বলেন, আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে ঋণের প্রবাহ যে উচ্চ তা পরিষ্কার। ঋণ প্রবাহের উচ্চ মাত্রা দেখে মনে হয় বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমানোর অংশ হিসেবে গৃহীত ঋণ সঙ্কোচনের নীতি আপাত দৃষ্টিতে ততোটা কার্যকর অবদান রাখতে পারেনি।
বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধির রাশ টেনে ধরতে বাংলাদেশ ব্যাংক যে ঋণ সঙ্কোচন নীতি গ্রহণ করেছে, দেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ী সম্প্রদায় সাম্প্রতিক সময়ে তার সমালোচনা করেছেন। পাশাপাশি তারা এটাও বলেছেন, এ নীতির ফলে নির্বাচন বছরের ব্যয়ের জন্য ঋণ গ্রহণ করতে সরকারের সামনে সুযোগ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি ২০০৬ সালের মার্চ পর্যন্ত গত এক বছরে বেসরকারি খাতে ঋণ প্রবাহ গিয়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক শূন্য ৪ শতাংশে। ২০০৫ সালের একই সময়ের বেসরকারি খাতে ঋণ প্রবাহ ছিল ১৯ দশমিক ৪৬ শতাংশ। পরিসংখ্যান থেকে ঋণ প্রবাহ কমেছে বলে মনে হলেও বাংলাদেশ ব্যাংক ঋণ প্রবাহ কমিয়ে আনার ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা স্থির করেছিল তার চেয়ে বর্তমান বছরের ঋণ প্রবাহের মাত্রা তিন শতাংশ বেশি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ মোতাবেক মুদ্রাস্ফিতির রাশ টেনে ধরতে ২০০৬ সালের মার্চের মধ্যে বেসরকারি খাতের ঋণ প্রবাহ হ্রাস করে ১৩ দশমিক নয় শতাংশে নিয়ে আসার লক্ষ্যের কথা বাংলাদেশ ব্যাংক ২০০৬ সালের জানুয়ারিতে তার অর্থ নীতি বিবৃতিতে (এমপিএস) উল্লেখ করেছিল।
এ ব্যাপারে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণ সঙ্কোচন নীতি সত্ত্বেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে ঋণ প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ডলারের বিপরীতে টাকার ১০ শতাংশ মূল্য হারিয়েছে।
তিনি বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবাহ সঙ্কোচন করার পাশাপাশি নির্বাচন বছরে বাজেট ব্যয় নির্বাহে অর্থ সংগ্রহের ক্ষেত্রে সরকারকে সুযোগ তৈরি করে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে তিরষ্কার করা উচিত।
উন্নয়ন অন্বেষণের কর্মকর্তা রাশেদ আল মাহমুদ তিতুমির বিডিনিউজকে বলেন, বাংলাদেশ ব্যাংকের কঠোর ঋণ সঙ্কোচন নীতি সত্ত্বেও টাকার অবমূল্যায়নের ফলে বেসরকারি খাতের ঋণ প্রবাহ বৃদ্ধি পেয়েছে। এতে মনে হচ্ছে ঋণ সঙ্কোচন নীতি সফল হতে পারেনি। কেননা, এটি মুদ্রাস্ফিতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে না।
তিনি বলেন, দাম নিয়ন্ত্রণে রাখতে সাধারণত সঙ্কোচন নীতি অবলম্বন করা হয়। কিন্তু টাকার অবমূল্যায়নের ফলে যদি দাম বেড়ে যায়, তাহলে প্রত্যাশিত মাত্রায় মুদ্রাস্ফিতিকে নিয়ন্ত্রণে রাখা যাবে না।
তবে বাংলাদেশ ব্যাংকার্স সমিতির (এবিবি) চেয়ারম্যান এম আমিনুজ্জামান বলেছেন, পূর্বে বরাদ্দকৃত ঋণ ছাড়ের কারণে প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কঠোর ঋণ নীতির কারণে নিকট ভবিষ্যতে তা কমে আসবে।
তিনি বলেন, আমরা ব্যাপক তারল্য সংকটে ভুগছি। ঋণ সঙ্কোচন নীতির ব্যাপারে বাংলাদেশ ব্যাংক তার অবস্থান পরিবর্তন না করলে সামনের মাসগুলোতে ঋণ প্রবাহ কমে যাবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিডস) গবেষণা পরিচালক জাইদ বখতের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঋণ প্রবাহের খাতগুলো আমাদের দেখা প্রয়োজন। শিল্প খাতের চেয়ে ব্যবসা খাতে ঋণের এ উচ্চ প্রবাহ হয়ে থাকতে পারে।
