‘টাটার সাথে বিনিয়োগ চুক্তি হবে দেশের জন্য আত্মঘাতী’
ভারতীয় বৃহৎ শিল্পগোষ্ঠী টাটার সাথে বিনিয়োগ চুক্তির বিষয়ে বাংলাদেশ সরকারের উদ্যোগ এ দেশের জন্য হবে আত্মঘাতী। এ চুক্তির মাধ্যমে দেশের সীমিত গ্যাস সম্পদ টাটার কাছে অবিশ্বাস্য কম দামে বিকিয়ে দেওয়া হচ্ছে।
জাতীয় প্রেস ক্লাবে শনিবার ‘টাটার বিনিয়োগ প্রস্তাব: বাংলাদেশের ভবিষ্যত’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। ‘তেল -- গ্যাস -- খনিজ সম্পদ ও বিদ্যুত -- বন্দর রক্ষা জাতীয় কমিটি’ এ গোল টেবিল বৈঠকের আয়োজন করে।
সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী শেখ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সিরাজুল ইসলাম চৌধুরী, অর্থনীতিবিদ আনু মোহাম্মদ, গণফ্রন্ট আহ্বায়ক টিপু বিশ্বাস, বিচারপতি গোলাম রব্বানী, ভূতত্ত্ববিদ এসকে আব্দুল্লাহ, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মাসাদুল আলম মাসুদ প্রমুখ।
বক্তারা বিনিয়োগ প্রস্তাবটির পেছনে কোনো সরকারি মহলের অসৎ স্বার্থ আছে বলে আশঙ্কা করেন। তারা বলেন, দেশের জনগণকে মজুদ গ্যাসের পরিমান সম্পর্কে একটি অতিরঞ্জিত ধারণা দেওয়া হচ্ছে।
গোল টেবিল আলোচনায় বলা হয়, দেশে বর্তমান গ্যাসের মজুদ কোনোভাবেই চার ট্রিলিয়ন ঘন ফুটের বেশী হবে না। ১০ বছর পরে বাংলাদেশকেই গ্যাস রফতানী করতে হবে। সেখানে উল্টো টাটার কাছে গ্যাস বিক্রি করার প্রস্তাব মৌলিকভাবে বিবেচনার অযোগ্য।
তারা আরো বলেন, চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার টাটাকে ২০ থেকে ২৫ বছর পর্যন্ত নির্ধারিত কম মূল্যে গ্যাস সরবরাহ করতে বাধ্য থাকবে। ফলে বাংলাদেশকে শুধুমাত্র গ্যাস বাবদ টাটাকে দিতে হবে অন্তত এক লাখ কোটি টাকার ভর্তূকি।
বক্তারা বলেন, টাটাকে এদেশে ইস্পাত উৎপাদনের অনুমতি দিয়ে সরকার আসলে দেশে ক্রম বিকাশমান ইস্পাত শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
গোল টেবিল আলোচনায় জানানো হয়, মারাত্মক পরিবেশ দূষণকারী ‘স্পঞ্জ ইস্পাত’ কারখানা দেশের প্রাকৃতিক সম্পদকে বিনষ্ট করবে। পরিবেশ হয়ে উঠবে বসবাসের অনুপযোগী।
চুক্তির মাধ্যমে বড়পুকুরিয়া কয়লা খনিকে টাটার হাতে তুলে দেওয়ার বিষয়টির তীব্র সমালোচনা করে তারা বলেন, এতে শুধু আরেকটি প্রাকৃতিক বিপর্যয়ই ডেকে আনা হচ্ছে না, বরং দেশকে ঠেলে দেওয়া হচ্ছে বিপুল অর্থনৈতিক ক্ষতির দিকে।
