নতুন চাল সরবরাহ ভাল হলেও দাম কমছে না
বাজারে নতুন চাল সরবরাহের পরিমান বাড়লেও কোন প্রকারের চালের দাম কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। বাজার পর্যবেক্ষকরা বিষয়টিকে উদ্বেগজন উল্লেখ করে বলেছেন, সাধারণত বৈশাখ মাসের শেষে ইরি ও বোরো ধান কাটার পর ধান ও চালের দাম দ্রুত হারে কমতে থাকে কিন্তু এ বছর তা হচ্ছে না।
দেশের বিভিন্ন চালের পাইকারি বাজার সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, সারা দেশে ধান কাটার মওসুম পুরোপুরি শেষ হওয়ায় প্রায় দুই সপ্তাহ ধরে দিন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাজারে প্রতিদিন প্রচুর নতুন চাল আসছে। অথচ বাজারে গত বছরের এ সময়ের তুলনায় বোরো ও ইরি চালের দাম এখনও মণ প্রতি ৬০ থেকে ৯০ টাকা বেশি।
ঢাকার বাবু বাজার, মোহাম্মদপুরের কৃষি বাজার এবং কারওরান বাজারের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, স্বর্ণা চাল কেজি প্রতি ১৭ টাকা ১৫ পয়সা, পারি চাল সাড়ে ১৭ টাকা, বিআর--২৮ ১৭ টাকা ৭০ পয়সা, সর্বনিুমানের নাজির ১৮ টাকা, মধ্যমানের নাজির ১৯ টাকা ৫০ টাকা, ভালমানের মিনিকেট ২৬ টাকা দরে বিক্রি হচ্ছে।
তবে নতুন ধান ওঠার কারণে চলতি মাসে দামের উর্ধ্বগতি আগের তুলনায় কিছুটা কমে আসছে বলে জানান ঢাকার বিভিন্ন বাজারে খুচরা চাল বিক্রেতারা। দামের ওপর নতুন চালের প্রভাব নেই উল্লেখ করে তারা বলেন, খুচরা বাজারে স্বর্ণা ও পাইজাম চাল প্রতি কেজি ১৮ থেকে ১৯ টাকা, মিনিকেট ২৮ টাকা এবং নাজিরশাইল প্রকার ভেদে ২০ থেকে ২৮ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে বাণিজ্যমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ এক সপ্তাহ আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম জুন মাস থেকে হ্রাস পাওয়ার ঘোষনা দিলেও বাজারে তার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
ঢাকার বিভিন্ন বাজারের খুচরা ক্রেতা ও বিক্রেতারা অভিয়োগ করে জানান, গত এপ্রিল মাসে বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পন্যের যে অস্বাভাবিক পরিমান দাম বেড়েছে, সে সব পণ্যের দাম এখন পর্যন্ত স্বাভাবিক হওয়ার লক্ষণ নেই, অথচ সরকার বিভিন্ন পণ্যের আমদানির ওপর শুল্ক হ্রাস করছে।
খুচরা বাজারে গত মাসের শেষে বিভিন্ন ডালের দাম বাড়লেও তা কমার কোন লক্ষন নেই। বাজারে মসুর ডালের দাম প্রকারভেদে কেজি প্রতি ৫৫ থেকে ৫৬ টাকা এবং ছোলা ডাল ৪৮ টাকা দরে বিক্রি হচ্ছে। মুগ ডাল কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এছাড়াও চিনি পাইকারি বাজারে কেজি প্রতি ৫১ থেকে ৫২ টাকা দরে এবং খুচরা বাজারে ৫৩ থেকে ৫৬ টাকায় বিক্রি হচ্ছে।
সবচেয়ে বেশি ব্যবহৃত তরকারি আলুর দাম স্বাভাবিক হওয়ার লক্ষন নেই।
এ বছর বাজারে নতুন চাল সরবরাহ ভাল হওয়ার পরও ধানের উচ্চমূল্য থাকায় বাজারে চালের দাম না কমার আশঙ্কা করছেন ঢাকার বাবু বাজার, কারওরান বাজার এবং মোহাম্মদপুর কৃষি বাজারের চাল পাইকাররা।
পাইকারি বিক্রেতারা জানান, গত বছরগুলোর তুলনায় চলতি মওসুমে একদিকে যেমন ধানের বাম্পার ফসল হয়েছে, তেমনি তেল ও সারের বেশি দাম থাকায় কৃষকদের উৎপাদন খরচ হয়েছে অনেক বেশি হয়েছে। ফলে কৃষকরাও অধিক দামেই ধান বিক্রি করতে চাচ্ছে।
কৃষি বাজারের মানিকগঞ্জ টের্ড্রাসের কালী দাস সাহা বলেন, কৃষকদের বেশি উৎপাদন খরচের পাশাপাশি গত বৈশাখ ও অগ্রাহয়ণ দু’ মওসুমে সরকার চাল সংগ্রহে কার্যত ব্যর্থ হওয়ায় এবার ব্যাপক চাল সংগ্রহের করবে। এছাড়াও আগের মতই সক্রিয় রয়েছে বেসরকারি চাল মজুদদাররা।
তিনি বলেন, বেসরকারি মজুদ নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার ওপরই এবারের চালের দাম নির্ভর করবে।
