২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের তৈরি পোশাক খাতে আচরণবিধি ও সামাজিক মান বজায় রাখতে ক্রেতাদের চাপ অব্যাহত

কোটা পরবর্তী সময়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জোরদার হলেও ক্রেতাদের বেঁধে দেওয়া বিভিন্ন আচরণবিধি ও সামাজিক মান বজায় রাখার ব্যাপারে চাপ অব্যাহত রয়েছে বলে ইউএনডিপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

মানবিক উন্নয়নের অগ্রগতি সাধনে প্রতিবেদন প্রণয়নকারীরা শ্রমিকদের চাহিদা অনুযায়ী শ্রম ও সামাজিক মানের উন্নয়নের ব্যাপারে সুপারিশ করেছেন। ক্রেতারা এ ধরনের মান নিশ্চিত করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি চুক্তির নিশ্চয়তা দিয়ে সহায়তা করতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তারা বলেছেন, খাদ্য, আবাসন, যাতায়াত, জননিরাপত্তার মতো শ্রমিকদের মৌলিক চাহিদার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংগঠনের সামাজিক কর্মসূচি গ্রহণ করা উচিত।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এ প্রতিবেদন কলম্বোর আঞ্চলিক কেন্দ্র থেকে প্রস্তুত ও প্রকাশ করা হয়।

২০০৫ সালের শুরুতে কোটা প্রথা উঠে যাওয়ার পর থেকে মূল্য ও পরিমাণের দিক থেকে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্প রপ্তানির ক্ষেত্রে তাদের অবস্থান ধরে রেখেছে এবং রপ্তানি ক্রমান্বয়ে দুই থেকে চার শতাংশে উন্নীত হয়েছে।

বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক রপ্তানির প্রাথমিক বাজার ইউরোপীয় ইউনিয়ন ২০০৫ সালে আমদানি কমিয়ে দেয় এবং একই সময়ে টেক্সটাইল ও পোশাক শিল্পের বৃহত্তর বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধিতে বাংলাদেশ সাফল্য লাভ করে।

‘চিন্তা: কোটা পরবর্তী বিশ্বে কীভাবে অর্জিত হবে মানব উন্নয়ন সাফল্য’ শীর্ষক প্রতিবেদনটি প্রণয়নকালে কোটা পরবর্তী পুরো এক বছর ধরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ১২টি নির্বাচিত দেশের বাণিজ্যিক প্রবাহের ওপর নিরীক্ষা চালানো হয়।

এতে বলা হয়, অর্ধেকেরও বেশি বাংলাদেশী প্রতিষ্ঠানের জরিপে বলা হয়েছে, তারা মূল্য বৃদ্ধির প্রতিযোগিতার মুখোমুখি হয়েছে এবং কোটা পরবর্তী সময়ে তাদের উৎপাদিত পণ্যের মূল কমে যাওয়ার বিষয়টি মেনে নিতে হয়েছে।

প্রতিবেদন বলা হয়, সাড়ে তিন শ’ কোটি মার্কিন ডলারের ও’ভেন অ্যাপারেল খাতে চাপ আরও প্রবল ছিল। এ খাত সরাসরি ১৩ লাখ লোকের কর্মসংস্থান করেছে এবং তাদের ৮০ শতাংশই নারী।

এতে বলা হয়, চীনের রপ্তানিমুখী টেক্সটাইল ও পোশাক শিল্পে আরোপিত নিরাপত্তা ২০০৮ সালে উঠিয়ে নেয়া হবে এবং এর ফলে বাংলাদেশসহ যেসব দেশ অতীতে এ খাতে সাফল্য অর্জন করেছে, তারাও হুমকির মধ্যে পড়বে।

মূল্য প্রতিযোগিতা বৃদ্ধি, কারখান বন্ধ, চাকরি হারানো এবং শ্রমিকদের জীবনমানের অবনমনের বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়। এতে যারা রপ্তানি আদেশ হারিয়েছেন এবং যারা তা ধরে রাখতে পেরেছেন, তাদের কেউই বাদ যায়নি।