২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গার্মেন্টস কারখানাগুলোতে উৎপাদন কাজ শুরু

দুদিন বন্ধ থাকার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার গার্মেন্টস ও নিটওয়্যার কারখানাগুলোতে উৎপাদন কাজ শুরু হয়েছে। শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়নের আন্দোলনের প্রেক্ষিত বড় ধরনের অসন্তোষ দেখা দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 06:07 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

বিক্ষুব্ধ শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও অন্যান্য দাবিতে মঙ্গলবার সহিংস আন্দোলনে নামে। ঢাকা ও আশেপাশের শিল্পাঞ্চলে তারা বেশ কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দেয়, সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর করে। শিল্পাঞ্চলে শ্রমিকদের এ মারমুখী বিক্ষোভের মুখে মালিকরা কারখানাগুলো বন্ধ করে দিতে বাধ্য হন।

পরে সরকারি উদ্যোগে ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি প্রদানসহ কারখানাগুলোর মান উন্নয়নে মালিক পক্ষের উদ্যোগ গ্রহনের পর শ্রমিকরা শান্ত হয় এবং সেসব এলাকায় কারখানা রয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

গাজীপুর, টঙ্গী ও সাভারের কারখানা এলাকা ঘুরে দেখা গেছে কারখানাগুলোতে উৎপাদন চলছে। ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী - আশুলিয়া সড়কে বৃহস্পতিবার কোনো বিক্ষোভ হয়নি। 

যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব, দাঙ্গা পুলিশ ও বিডিআর সদস্যদের রাস্তায় টহল দিতে দেখা যায়।

তবে ঢাকার গার্মেন্টস এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ছিলো বেশ ঢিলেঢালা। তবে গার্মেন্টস কর্মকর্তারা বলেছেন, শ্রমিকদের উপস্থিতি সন্তোষজনক।

এদিকে বাণিজ্যমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বাংলাদেশ তৈরিপোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির নেতাদের সাথে নিয়ে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল পরিদর্শন করেন।

সংসদে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের চিফ হুইপ আব্দুস শহীদ বিকেলে সাভার এলাকা পরিদর্শন করেন।

বিজিএমইএ সূত্র জানায়, মন্ত্রীরা গার্মেন্টস মালিক ও শ্রমিকদের সাথে কথা বলেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।

শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে বিজিএমইএ নেতা আব্দুস সালাম মুর্শেদী বলেন, বেশিরভাগ ফ্যাক্টরিতেই শান্তিপূর্ণভাবে উৎপাদন শুরু হয়েছে। কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।

তিনি বলেন, সরকার, বিজিএমইএ ও শ্রমিক সঙগঠনগুলোর নেতাদের মধ্যে বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।

তিনি বলেন, মন্ত্রীরা ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া ফ্যাক্টরিগুলো পরিদর্শন করেছেন। বাণিজ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দেন।

তিনি বলেন, আমরা এখনো ক্ষয়--ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারিনি। তবে আমরা আমাদের সদস্যদের কাছ থেকে তথ্য নিয়ে এটা করব।

তসুকা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনিভার্সাল টেক্সটাইলের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, তাদের ছয়টি ফ্যাক্টরিই উৎপাদন শুরু করেছে।

তিনি বলেন, ঢাকায় ভাংচুর শুরু হলে আমরা উৎপাদন বন্ধ করে দিই। গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অবস্থিত তাদের একটি কারখানাও মঙ্গলবার আক্রান্ত হয়।