মঙ্গলবারের ভাংচুর ও হামলার ইস্যুতে ৯টি মামলা দায়ের
রাজধানীর মিরপুর, তেজগাঁও এবং কাফরুল এলাকার গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ ও ভাংচুরের ইস্যুতে পাঁচশতাধিক অজ্ঞাত লোককে অভিযুক্ত করে নয়টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
গার্মেন্টস শ্রমিকদের বিরুদ্ধে মিরপুরে পুলিশ দুটি এবং তিতাস গ্যাসের একজন কর্মকর্তা একটি মামলা দায়ের করেছে। এছাড়া কাফরুল থানায় তিনটি মামলা নথিভূক্ত হয়েছে। এছাড়া পুলিশ তেজগাঁও থানায় তিনটি মামলা দায়ের করেছে।
পুলিশ বিভিন্ন এলাকা থেকে হামলা ও ভাংচুরের সাথে জড়িত সন্দেহে ৩১জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ১১জনকে মিরপুর এবং বাকিদের কাফরুল ও তেজগাঁও থেকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
রাজধানী এবং এর কাছাকাছি এলাকাগুলোর শিল্প এলাকার পরিস্থিতি বুধবার প্রায় শান্তিপূর্ণ ছিল।
এদিকে মিরপুর, ডেমরা এবং পল্লবীর গার্মেন্টস কর্মীরা মিছিল এবং সমাবেশ করার চেষ্টা করলে আধা-সামরিক বিডিআর, র্যাব এবং পুলিশের বাধার মুখে তা ব্যর্থ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোট ১০টি প্লাটুনে বিডিআর, আটশতাধিক র্যাব এবং পুলিশ দায়িত্বরত রয়েছে।
