তৈরি পোশাক শিল্পের ওপর হামলা দেশের বাইরে থেকে হয়েছে: সাইফুর
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বুধবার বলেছেন, তৈরী পোশাক শিল্প খাতের উন্নয়নে বিঘœ ঘটানোর উদ্দেশে দেশের বাইরে থেকে ওই শিল্পের উপর হামলা হয়েছে।
ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, গত কয়েক দিনে দেশে যা ঘটেছে তা খুবই দুঃখজনক। কিন্তু শ্রমিকদের মাধ্যমে এটা হতে পারে বলে আমি বিশ্বাস করি না।
‘শ্রমিকদের প্রতি অবিচারের বিষয়টি আমার অজানা নয়’ উল্লেখ করে সাইফুর আরো বলেন, সরকার যাতে করে তাদের দাবির প্রতি সাড়া দেয়, সে কারণে তারা অন্য উপায়েও তাদের দাবি দাওয়া উপস্থাপন করতে পারতো।
যদিও মন্ত্রী বলেন, কেও যদি দোষী প্রমাণিত হয় তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
তিনি বলেন, একটি ক্ষুদ্র গোষ্ঠী দেশের বৃহত্তম এই রপ্তানি খাতকে ধ্বংসের চেষ্টা চালাচ্ছে। তিনি এই শিল্পে গত কয়েক দিনের পরিস্থিতিকে ‘কান্ডজ্ঞানহীন’ এবং ‘ বর্বর’ বলে আখ্যায়িত করেন।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বহিরাগতরা ওই হামলা চালাতে উৎসাহিত করেছে। শ্রমিকরা তাদের নিজ কারখানায় এ ধরণের ধ্বংসযজ্ঞ চালাতে পারে না, এটা তাদের পক্ষে অসম্ভব।
তিনি বলেন, যে কারখানাগুলো তাদের শ্রমিকদের ভালো মজুরী দেয় তারাই হামলার শিকার হয়েছে এবং যারা নিয়মিত বেতন পরিশোধ করে না তারাই হামলার বাইরে থেকেছে।
সাইফুর বলেন, এই শিল্পে যা ঘটেছে তা অর্থনীতির পাশাপাশি জাতির জন্যও বড় হুমকি।
বিষয়টি সামাল দিতে সরকারের কোন প্রকার ব্যার্থতা তিনি অস্বীকার করেন এবং বলেন, সরকার শ্রমিকদের প্রতি অবিচারের বিষয়ে দেখাশোনা করবে ।
এক প্রশ্নের জবাবে সাইফুর বলেন, শ্রমিকদের স্বার্থের ওপর যারা আলোকপাত করে না, প্রথাগত এমন ট্রেড ইউনিয়নের পরিবর্তে দরকষাকষি সংস্থা গঠন করা হতে পারে।
