২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস কারাখানায় হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে জাতীয় ঐক্যমঞ্চ, বিকল্পধারা

জাতীয় ঐক্যমঞ্চ, বিকল্পধারা বাংলাদেশ ও তরিকত ফেডারেশন দুদিনের শ্রমিক অসন্তোষ ও গার্মেন্টস কারখানাগুলোতে হামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

তিন দলের নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সময়মত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়নি বলে সরকারের সমালোচনা করেন এবং এক্ষেত্রে সরকারের ব্যর্থতাকেই দায়ী করেন।

তারা সমস্যার সুষ্ঠু সমাধানে বিজেএমইএ, বিকেএমইএ ও শ্রমিকদেরকে একসাথে বসার আহ্বান জানান।

জাতীয় প্রেসক্লাবে বুধবার এক সংবাদ সম্মেলনে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, মঙ্গলবারের ঘটনায় বিভিন্ন মতামত আছে। আমরা মূল অপরাধীদের ধরতে একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করছি।

তিনি বলেন, তদন্ত রিপোর্ট অবশ্যই সাতদিনের মধ্যে জনসম্মুখে প্রকাশ করতে হবে।

জাতীয় ঐক্যমঞ্চ ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ড. কামাল হোসেন বলেন, শ্রমিকদের বেতন না দেওয়া, তাদের দাবির প্রতি কর্ণপাত না করার কারণে পরিস্থিতি সহিংসতার দিকে গেছে। একটা সুষ্ঠু সমাধানের জন্য আমরা সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বেতন কাঠামো পুনর্বিবেচনা করা উচিত। শ্রমিকদের উন্নয়নে একটি সঠিক বেতন কাঠামো প্রয়োজন।

সঙ্কট উত্তরণে ড.কামাল শ্রমিক ও মালিক উভয় পক্ষকেই আহ্বান জানান।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভা-ারিও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গভীর উদ্বেগ প্রকাশ করে সমস্যা সমাধানে সরকার, মালিক ও শ্রমিকদের সমন্বিত প্রচেষ্টার দাবি জানায়।

এক বিবৃতিতে জাসদ এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন।

এদিকে গণমুক্তি ও জাতীয় সম্পদ রক্ষা সম্মিলিত আন্দোলন মুক্তাঙ্গনে এক সমাবেশে মোশরেফা মিশুসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করে।