বাপেক্সের সরঞ্জাম সংগ্রহ পরিকল্পনায় মন্ত্রিপরিষদ ক্রয় কমিটির দ্বিমত
মন্ত্রিপরিষদের ক্রয় সংক্রান্ত কমিটি বুধবার বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) জন্য সরঞ্জাম সরবরাহ প্রস্তাবের ব্যাপারে আবার দ্বিমত পোষণ করেছে।
মন্ত্রিপরিষদের বৈঠকের পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাংবাদিকদের জানান, স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে সরঞ্জাম সরবরাহ প্রস্তাবের ব্যাপারে আমরা আলোচনা করেছি।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১১ টি প্রস্তাব উত্থাপিত হয় এবং এর মধ্যে ১০ টি প্রস্তাব অনুমোদন পায়।
সূত্র জানায়, এর আগের বৈঠকে ৩০ কোটি টাকার সরঞ্জাম সরবরাহ প্রস্তাবের ব্যাপারে কমিটি দ্বিমত পোষণ করে এবং পরবর্তী আলোচনার জন্য রেখে দেওয়া হয়। পরবর্তীতে জ্বালানি সচিব মন্ত্রিপরিষদ সচিবকে বিষয়টি আবার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। ফলে বিষয়টি আবার মন্ত্রিপরিষদের বৈঠকে আলোচনার জন্য স্থান পায়।
দ্বিতীয় দফা আরবান প্রাইমারি হেল্থ কেয়ার প্রজেক্টের ১৯ টি প্যাকেজে ১৮২ দশমিক ৫৯ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে অংশীদার এনজিও নিয়োগ, কুয়েত ফান্ডের অর্থ সহায়তায় দ্বিতীয় সাতক্ষীরা সেতু নির্মাণের লক্ষ্যে ঠিকাদার নিয়োগ, ৩ হাজার ৫০০ ব্যারেল লুব ভিত্তিক তেল ক্রয় এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে এক হাজারে উন্নীতকরণ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদন লাভ করে।
এছাড়া মন্ত্রিপরিষদের ক্রয় সংক্রান্ত কমিটি ৩০ দশমিক ৮১ কোটি টাকা ব্যয়ে ঢাকা জাতীয় øায়ুবিজ্ঞান ইনস্টিটিউটের ভবন নির্মাণ, চট্টগ্রাম বন্দরের তথ্য ব্যবস্থাপনা এবং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনার কাজ কম্পিউটার নিয়ন্ত্রিত করার লক্ষ্যে একটি কনসালটিং প্রতিষ্ঠানকে নিয়োগ প্রদান, ১৮ দশমিক ৬১ কোটি টাকা ব্যয়ে চার লেন বিশিষ্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নির্মাণের সম্ভব্যতা যাচাই এবং ৩ দশমিক ৪৮ কোটি টাকা ব্যয়ে একটি গভীর সমুদ্র বন্দর উন্নয়নের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
