২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক কারখানায় হামলা: বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি বিজিএমইএ’র

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বুধবার দেশের পোশাক কারখানায় ব্যাপক হামলা ও ভাংচুরের ঘটনার তদন্তে হাইকোর্টের একজন বিচারকের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে। সেই সাথে বিজিএমইএ বৃহস্পতিবার থেকে পোশাক কারখানা সচল করার ঘোষণা দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

বিজিএমইএ’র সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মধ্যকার বুধবার এক দীর্ঘ আলোচনার পর সংগঠনটির সাধারণ সভা থেকে এ দাবি জানানো হয়।

সারাদেশের পোশাক কারখানার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন নিরাপত্তা বাহিনীর অংশগ্রহণে বিজিএমইএ’র প্রধান কার্যালয়ে ২৪ ঘন্টা কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠার ব্যাপারে নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেন। এছাড়া কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করার জন্য পোশাক কারখানার মালিকদের সহায়তায় বিজিএমইএ’র প্রধান কার্যালয়েই অঞ্চলভিত্তিক নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজিএমইএ’র সভা থেকে হামলায় ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাগুলোকে ক্ষতিপূরণ দিতে সরকারের কাছে দাবি জানানো হয়।

এ ধরনের সংকট থেকে উত্তরণের জন্য বিজিএমইএ’র সাবেক সভাপতিদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। ট্রেড ইউনিয়নের অংশগ্রহণে পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন নিয়ে আলোচনার জন্য বিজিএমইএ নেতৃবৃন্দ লিঁয়াজো কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।

বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বিজিএমইএ’র সাবেক সভাপতি রেদওয়ান আহমেদ এমপি, মোশাররফ হোসেন এমপি, আনিসুর রহমান সিনহা, গাজী মনিরুজ্জামান, আনিসুল হক, একে আজাদ এবং বর্তমান বিজিএমইএ কমিটি সকল সদস্য উপস্থিত ছিলেন।

আব্দুস সালাম মুর্শেদী বলেন, সরকারের সহযোগিতা চাওয়ার পাশাপাশি বিজিএমইএ ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাগুলোকে সাহায্য করবে।

তিনি বলেন, কোনো কুচক্রী মহল পোশাক কারখানার ওপর আবার হামলা চালালে তার জন্য সরকার দায়ী থাকবে।

পোশাক কারখানায় মঙ্গলবারের হামলা ও ভাংচুরের ঘটনা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ার জন্য অনেক পোশাক কারখানা মালিক সরকারকে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করেছেন।