২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, অবহেলার পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে: স্কপ

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নেতৃবৃন্দ বুধবার বলেছেন, দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, অবহেলার পুঞ্জীভূত ক্ষোভে স্বত:স্ফুর্ত ও অনিবার্য বহিঃপ্রকাশ ঘটেছে গত কয়েকদিনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 06:03 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

তারা বলেন, এ আন্দোলন সংগ্রামে কিছু অনাকাঙ্খিত ও অনভিপ্রেত ঘটনা ঘটেছে যা কারো কাম্য নয়। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে বিজিএমইএ যে আচরণ ও পক্ষপাতপুষ্ট মন্তব্য করেছে তা শিল্প মালিকদের জন্য শোভনীয় নয় এবং শিল্প বিকাশ ও ব্যবসা বাণিজ্যের জন্যও সহায়ক নয়।

তারা বলেন, বিজিএমইএ নেতৃবৃন্দের বক্তব্য বিক্ষুব্ধ শ্রমিক আন্দোলনকে আরো অপ্রতিরোধ্য করে তুলেছে।

রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।

সম্মেলনে ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) সভাপতি নুরুল ইসলাম, লেবার ফেডারেশন সভাপতি শাহ মোহাম্মদ আবু জাফর, শ্রমিক জোট বাংলাদেশ সভাপতি আবদুল কাদের হাওলাদার, শ্রমিক জোট সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, ট্রেড ইউনিয়ন ফেডারেশন সভাপতি মুকিত খান, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহমেদ, শ্রমিক দল সাধারণ সম্পাদক  জাফরুল হাসান এবং শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রায় রমেশচন্দ্র বক্তব্য রাখেন।

স্কপ নেতৃবৃন্দ সরকার ও মালিকপক্ষের কাছে গার্মেন্টসসহ ব্যক্তিমালিকানাধীন শিল্প কলকারখানায় অবাধ ট্রেড ইউনিয়ন ও যৌথ দরকষাকষির অধিকার নিশ্চিত করা, নিয়োগপত্র প্রদান, প্রচলিত শ্রম আইন অনুযায়ী ৮ ঘন্টা কাজের সময়সীমা নির্ধারণ ও বাস্তবায়ন করা, বেঁচে থাকার মতো ন্যূনতম মজুরী ৩,০০০ টাকা নির্ধারণ এবং কর্মস্থলের নিরাপত্তা বিধানের দাবি জানান।

এছাড়া, সাভার ও গাজীপুরের ঘটনায় ঢালাওভাবে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও দমন পীড়নের পথ পরিহার করে আন্দোলনরত শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতায় উপনীত হওয়ারও দাবি জানান তারা।

স্কপ নেতারা বলেন, দেশের সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানিমুখী এ শিল্পের শ্রমিকরা সব থেকে বেশি নির্যাতিত এবং নিপীড়িত। তাদের গড়ে দৈনিক ১২ - ১৪ ঘন্টা কাজ করতে হয়। সেই সাথে সাপ্তাহিক কোনো ছুটি নেই।

নেতৃবৃন্দ বলেন, এমনকি তাদের বেঁচে থাকার মত ন্যূনতম মজুরীও দেওয়া হয় না এবং তাদের কর্মস্থলের নিরাপত্তাও নেই ।

তারা বলেন, প্রচলিত আইন ও আইএলও কনভেনশন অনুযায়ী ট্রেড ইউনিয়ন করা ও যৌথভাবে দরকষাকষির অধিকার থেকে শ্রমিকরা বঞ্চিত। ১৯৯৪ সালে এ সেক্টরের ন্যূনতম মজুরী নির্ধারণ করা হয়েছিল ৯৩০ টাকা যা আজো বলবৎ আছে।

স্কপ নেতারা বলেন, টাকার অবমূল্যায়ন, মূদ্রাস্ফীতি ও বর্তমান বাজার দরের সাথে বিবেচনা করলে বিগত ১২ বছরে এই শিল্পের শ্রমিকদের প্রকৃত আয় প্রায় এক তৃতীয়াংশের নীচে নেমে এসেছে।

‘শোষণ জুলুম বঞ্চনা নির্যাতন নিপীড়ন এর বিরুদ্ধে যখনই কোন প্রতিবাদ দানা বেঁধে উঠেছে মালিক পক্ষ কখনো ভাড়াটে মাস্তান আবার কখনো সরকার ও প্রশাসনকে প্রভাবিত করে কঠোর হস্তে তা দমন করেছে এবং নানা মিথ্যা অপবাদ ও বিদেশী জুজুর ভয় দেখিয়ে জনমতকে বিভ্রান্ত, শ্রমিক আন্দোলনকে কলঙ্কিত করার অশুভ ব্যর্থ প্রয়াস চালিয়েছে এবং এখনো তা অব্যাহত রয়েছে’ তারা বলেন।

নেতৃবৃন্দ বলেন, সরকার ও জাতীয় নেতৃবন্দকে একথা উপলব্ধি করতে হবে দেশের ছয় কোটি শ্রম শক্তিকে বাদ দিয়ে ক্ষমতায় থাকা বা ক্ষমতায় আসা সম্ভব নয়।