২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ভুত পরিস্থিতিকে জাতীয় সঙ্কট বলে উল্লেখ করেছে বিকেএমইএ

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) মঙ্গলবার গার্মেন্টস খাতের বর্তমান পরিস্থিতিকে জাতীয় সঙ্কট হিসেবে উল্লেখ করে সরকারের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 09:11 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

বিকেএমইএ সভাপতি ফজলুল হক মঙ্গলবার বিকেলে তড়িঘড়ি করে বিকেএমইএ কার্যালয়ে ডাক দেওয়া এক সংবাদ সম্মেলনে বলেন, এটি একটি চরম সঙ্কটময় পরিস্থিতি।

তিনি নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি পোশাক কারখানা এবং কারখানার এলাকাগুলোতে সেনাবাহিনী মোতায়েনের আবেদন জানান। সেনাবাহিনী মোতায়েন করা না হলে বুধবার থেকে কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে তিনি সতর্ক করে দেন।

সংবাদ সম্মেলনে গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত তাসমানিয়া ফেব্রিকস লিমিটেডের মালিকের এসওএস’র ফ্যাক্স কপি দেখিয়ে ফজলুল হক বলেন, তারা একটি কবরের পরিস্থিতির মধ্যে বসবাস করছেন।

তিনি বলেন, বাস্তবতা হচ্ছে অ্যাপারেল ও নিটওয়্যার খাতের মালিকরা তাদের কারখানা রক্ষা করতে পারেননি।

বিডিআর ও র‌্যাব মোতায়েন সত্ত্বেও গার্মেন্টস কারখানা রক্ষায় ব্যর্থতার জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করেন।

তারা আগে থেকে পরিস্থিতি সম্পর্কে অবহিত না করায় সরকারের গোয়েন্দা সংস্থাগুলোকে দায়ী করেন।

সংবাদ সম্মেলনে তারা জানান, কারখানার নিরাপত্তা নিশ্চিত না করা হলে আজ রাত থেকে লুটপাট শুরু হতে পারে।

সোমবার ও মঙ্গলবারের অব্যাহত ভাংচুরের পর বিকেএমইএ এক জরুরি বৈঠক আহ্বান করে। বৈঠকে সমিতির সকল নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।