সরকার ও মালিক-দু’পক্ষই শ্রমিক সহিংসতার জন্যে দায়ী: অর্থনীতিবিদদের প্রতিক্রিয়া
দেশের তৈরি পোশাক খাতে বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতির জন্যে সরকার ও মালিক-- উভয় পক্ষকেই দায়ী করেছেন অর্থনীতিবিদরা।
তারা মঙ্গলবার বলেন, দেশকে এজন্যে চরম মূল্য দিতে হবে।
অর্থনীতিবিদ সাজ্জাদ জহির বলেন, এ পরিস্থিতির জন্যে মালিক বা শ্রমিক--কর্মচারি-- যারাই দায়ী হোক না কেন, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়া উচিত।
তিনি বলেন, আমরা আমাদের মূল্যবান ফ্যাক্টরিগুলো ধ্বংস করছি, যা খুবই হতাশাজনক।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমদ বলেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার বিস্ফোরণ।
তিনি এ ঘটনার জন্যে সরকার ও মালিক উভয় পক্ষের অবহেলাকে দায়ী করেন।
বিডিনিউজ--এর কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, বিদেশে দেশের ভাবমূর্তির ক্ষেত্রে এখন আমাদের কঠিন মূল্য দিতে হবে।
সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টচার্য বলেন, জাতি মঙ্গলবার একটি দুর্যোগপূর্ণ দিন পার করল।
তিনি অবিলম্বে এ সমস্যার সমাধানে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
