২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা, সাভার, গাজীপুর ও টঙ্গীর গার্মেন্টসে শ্রমিক বিক্ষোভ: কারখানায় আগুন, ব্যাপক গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ

ঢাকার মিরপুর, শেওড়া পাড়া ও তেজগাঁ এবং সাভার, গাজীপুর, টঙ্গী ও উত্তরায় মঙ্গলবার সকাল থেকে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা ন্যায্য বেতন - ভাতার সমর্থনে ওইসব এলাকার বিভিন্ন কারখানা ভাংচুর ও অগ্নিসংযোগ করে। শ্রমিকরা এসময় শতাধিক গাড়ি ভাংচুর করে। এতে দীর্ঘ সময়ের জন্যে বন্ধ হয়ে যায় ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 03:03 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

ব্যাপক শ্রমিক অসন্তোষের পর তেজগাঁ, সাভার, গাজীপুর, টঙ্গীর শিল্প এলাকায় বিডিআর, র‌্যাব ও পুলিশ মেতায়েন করা হয়েছে।

সাভারের ইপিজেড ও ইপিজেড এলাকার বাইরে শতাধিক গার্মেন্টস কারখানা সাইনবোর্ড ঝুলিয়ে অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আন্দোলনরত শ্রমিক সূত্র জানায়, সকাল ৯ টার দিকে মিরপুরের কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে এসে একসঙ্গে স্লোগান দিয়ে রাস্তায় নেমে আসে। তারা মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের দিকে যেতে চাইলে শেওড়াপাড়া এলাকায় পুলিশ ব্যারিকড দিয়ে মিছিলকারীদের বাঁধা দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশি ব্যারিকেড ভেঙে মিরপুর সড়কের মিরপুর, শেওড়া পাড়া এলাকায় ২০ -- ২৫ টি বাস -- মিনিবাস ভাঙচুর করে। আগুন ধরিয়ে দেওয়া হয় অন্তত: ১০ টি গাড়ি। এ সময় বেশ কয়েকটি দোকান পাট ভাঙচুর করা হয়। লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকায় যান চলাচল বিঘœ ঘটায় রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।  নগরীজুড়ে শ্রমিক বিক্ষোভে এসএসসি পরীক্ষার্থীরা ব্যাপক দুর্ভোগের মুখে পড়ে।

বিডিনিউজ সাভার প্রতিনিধি জানান, বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ার তিনটি গার্মেন্টস কারখানায় অগ্নিসংযোগ করে। তারা টঙ্গী -- আশুলিয়া সড়ক অবরোধ করে ২০ থেকে ২৫টি যানবাহন ভাংচুর করে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার রাতে একজন শ্রমিকের মৃত্যূর খবর আশুলিয়ায় পৌঁছালে সেখানে নতুন করে উত্তেজনা দেখা দেয়। সকাল ১০ টার দিকে উত্তেজিত শ্রমিকরা রাস্তায় গাছ ফেলে ব্যারিকেডের সৃষ্টি করে। তারা প্রথমে পেট ফ্যাশন এবং ডায়মন্ড গার্মেন্টস কারখানায় আগুন ধরিয়ে দেয়।

পরে ইউনিভার্সাল গ্রুপের আরেকটি গার্মেন্টস কারখানাতেও অগ্নিসংযোগ করা হয়।

এছাড়া একই সময়ে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা বাস, মিনিবাস এবং প্রাইভেটকারসহ ২০ থেকে ২৫টি যানবাহন ভাংচুর করে।

প্রতিবাদী শ্রমিকরা একই সময়ে টঙ্গী -- আশুলিয়া সড়কে গাছ কেটে ব্যারিকেড সৃষ্টি করে। ফলে ওই সড়কে দীর্ঘক্ষণের জন্যে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা সাড়ে ১২ টার দিকে সেখানে বিপুল সংখ্যক বিডিআর, র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ, গার্মেন্টস শ্রমিক এবং স্থানীয় সূত্র জানায়, সাভারের আশুলিয়ার জামগড়ার চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিভার্স নিটিং ফ্যাক্টরি লিমিটেড’র প্রায় দুহাজার শ্রমিক মজুরি বৃদ্ধি, ওভার টাইমের বিল প্রদানসহ ১১ দফা দাবি আদায়ের জন্যে মাস খানেক ধরে আন্দোলন চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সোমবার সেখানে দেখা যায় শ্রমিক বিক্ষোভ, দুটি কারখানায় অগ্নিসংযোগ, শতাধিক কারখানা ভাঙচুর ও আশুলিয়া সড়ক অবরোধ করার ঘটনা। শ্রমিক -- পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ গার্মেন্টস কর্মী রানা (২৬) রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে মারা যায়।

এদিকে বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানান, ন্যায্য বেতন -- ভাতার দাবিতে সকাল সাড়ে ৮ টার দিকে শত শত গার্মেন্টস শ্রমিক নানা স্লোগান দিয়ে রাস্তায় নেমে আসে। পরে তারা টঙ্গী থেকে ঢাকার উত্তরার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পর্যন্ত প্রায় ৪০ টি গাড়ি ভাঙচুর করে। তারা বিমানবন্দর সড়কসহ ঢাকা -- ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১১ টার দিকে উত্তরার আব্দুল্লাপুরে পুলিশ আন্দোলনরতদের ওপর লাঠিচার্জ করলে দুপক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া -- পাল্টা ধাওয়া হয়। এসময় ইট পাটকেল নিক্ষেপ ও দুপক্ষের সংঘর্ষে দুজন পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আটক করা হয় ৭০ জন শ্রমিককে।

বেলা দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে বিমানবন্দর সড়কে আবার যান চলাচল শুরু হয়

এদিকে তেজগাঁওয়ের সামা ব্লেড ফ্যাক্টরির শ্রমিকদের ভেতরে আটকে রাখা হয়েছে এমন গুজব উঠলে শ্রমিকরা ফ্যক্টরির ভেতর ঢুকে ব্যাপক তা-ব শুরু করে। তারা ফ্যাক্টরিতে ব্যাপক ভাংচুর করে। ভেতরে থাকা বেশ কয়েকটি প্রাইরেভট কারে তারা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার প্রায় দুঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।