২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ২টি গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন, বিক্ষুব্ধ শ্রমিকদের ব্যাপক গাড়ি ভাংচুর

বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সকালে সাভার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজিড) এলাকার দু’টি গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করেছে। তারা টঙ্গি-আশুলিয়া সড়ক অবরোধ করে ২০ থেকে ২৫টি যানবাহন ভাংচুর করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 12:16 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সূত্র জানায়, এই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। উত্তেজিত শ্রমিকরা রাস্তায় গাছ ফেলে ব্যারিকেডের সৃষ্টি করে। তারা পেট ফ্যাশন এবং ডায়মন্ড গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দেয়।

১১ দফা দাবীর লক্ষ্যে এবং তাদের এক কর্মী নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা বাস, মিনিবাস এবং প্রাইভেটকারসহ ২০ থেকে ২৫টি যানবাহন ভাংচুর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এই এলাকায় বিপুল পরিমাণ বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঢাকা ইপিজেড-এ শ্রমিকরা উৎপাদন বন্ধের চেষ্টা করলে আনসার সদস্যরা তাদেরকে প্রতিহত করতে ২০ রাউন্ড গুলি ছুঁড়ে।

এসময় শ্রমিকদের সাথে আনসার ও পুলিশের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ শতাধিক লোক আহত হয়। সংঘর্ষ চলাকালে শ্রমিকরা টঙ্গী--আশুলিয়া সড়ক অবরোধ করে রাখে।

পুলিশ, গার্মেন্টস শ্রমিক এবং স্থানীয়রা জানায়, সাভার উপজেলার আশুলিয়া থানাধীন জামগড়ার চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিভার্স নিটিং ফ্যাক্টরি লিমিটেড’র প্রায় দুহাজার শ্রমিক মজুরি বৃদ্ধি, ওভার টাইমের বিল প্রদানসহ ১১ দফা দাবি আদায়ের জন্যে গত মাস খানেক ধরে আন্দোলন চালিয়ে আসছিল।

এরা আগে সোমবার রাতে গুলিবিদ্ধ গার্মেন্টস কর্মী রানা (২৬) ঢাকা পঙ্গু হাসপাতালে মারা যায়।