২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুধুমাত্র মুজুরির ওপর ভ্যাট বহাল রাখতে জুয়েলারি ব্যবসায়ীদের দাবি

দেশের জুয়েলারি শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সেবার বিনিময়ে চার্জ, কমিশন বা ফি ও মুনাফার ওপর করারোপের পরিবর্তে শুধু মুজুরির ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থা চালু করতে জুয়েলারি ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 05:39 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বাংলাদেশ জুয়েলারি সমিতির (বিজেএস) সভাপতি এমএ ওয়াদুদ খান বিডিনিউজকে বলেন, জুয়েলারি শিল্পের ক্ষেত্রে বর্তমান ভ্যাট পদ্ধতি অবাস্তব ও জটিল। এটি একটি সেবা খাত। সেবার বিনিময় চার্জ, কমিশন বা ফি এবং মুনাফার ওপর ভ্যাট আরোপ করা উচিত নয়।

তিনি বলেন, ভ্যাট সংগ্রহের জন্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্কুলারের উল্লেখিত চার্জ, কমিশন ও অন্যান্য ফি’র বিষয়টি ব্যবসায়ীরা বোঝেন না। তাদের জন্যে একই ধরনের ও সহজ পদ্ধতি থাকা দরকার।

ব্যবসায়ীরা বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার উচ্চমূল্য ইতোমধ্যে দেশের জুয়েলারি শিল্পকে হুমকির মুখে ফেলে দিয়েছে। চার্জ, কমিশন বা ফি এবং মুনাফার ওপর আরোপিত ভ্যাট পরিস্থিতির আরো অবনতি ঘটাবে।

বিজেএস নেতৃবৃন্দ বলেন, সরকার বাজারে সোনা ও রূপার দাম বিবেচনা না করেই ২০০৪ - ০৫ অর্থবছর থেকে মুজুরির পরিবর্তে চার্জ, কমিশন বা ফি ও মুনাফার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করে।  

২০০৬ - ০৭ সালের জন্যে বাজেটের সুপারিশে বিজেএস দেশের জুয়েলারি শিল্পকে রক্ষা করতে মজুরির ওপর ১৫ শতাংশ অথবা সর্বমোট মূল্য/বিক্রির ওপর দেড় শতাংশ ভ্যাট আরোপ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। 

ওয়াদুদ খান বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম ধারবাহিকভাবে বাড়তে থাকায় মোট মূল্যের ওপর ভ্যাট আরোপ করতে আমরা যে প্রস্তাব দিয়েছিলাম, সেখান থেকে আমরা সরে এসেছি।

তিনি বলেন, বাজার পরিস্থিতি সুবিধাজনক না হওয়ায় ১০ থেকে ২০ শতাংশের মতো জুয়েলারি ব্যবসায়ী হয় এ ব্যবসা ত্যাগ করেছেন নতুবা অন্য পেশায় মনোনিবেশ করেছেন।

আমিন জুয়েলার্সের মালিক কাজী সিরাজুল ইসলাম বলেন, বর্তমানে বায়তুল মোকাররম মার্কেটের একটি জুয়েলারি দোকান ৫০ লাখ থেকে এক কোটি টাকায় বিক্রি হচ্ছে। অথচ আগে একটি দোকান বিক্রি হতো দুই কোটি অথবা তারও বেশি।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বড় আকারের দোকানগুলো ব্যবসা করতে সক্ষম হবে। অপরদিকে ছোট উদ্যোক্তারা দোকান বন্ধ করে দিতে বাধ্য হবে।

জুয়েলারি শিল্পে প্রতিযোগিতাশীলতা বাড়াতে ভারতের মতো ব্যাংক থেকে সোনা সরবরাহ করতে ব্যবসায়ী সম্প্রদায় সরকারের প্রতি আহ্বান জানান।