গ্রেনেড হামলার সুরাহা না হওয়ায় ব্রিটিশ হাই কমিশনার হতাশ
ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী তার ওপর গ্রেনেড হামলার দুবছরে এখনো কোনো সুরাহা না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন।
ওই হামলায় বহু মানুষ হতাহত হয়।
হামলার দুবছর পেরিয়ে গেলেও সিআইডি এখনো মামলার চার্জশিট দিতে পারেনি।
হযরত শাহজালাল (র:) এর মাজারে গত ২০০৪ সালের ২১ মে তার ওপর গ্রেনেড হামলার দুবছর পুর্তিতে এক বিবৃতিতে তিনি বলেন, ওই হামলা এবং অন্যান্য সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত না হওয়ায় আমরা হতাশ এবং এসব কিছু বাংলাদেশের ইমেজকে ধ্বংস করছে।
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ দূত তার নিজ শহর সিলেটে ভয়াবহ ওই হামলায় পুলিশের সাব ইন্সপেক্টর কামাল উদ্দিনসহ তিনজন নিহত এবং তিনি নিজেসহ ৫০ জনেরও বেশি লোক আহত হয়।
আনোয়ার চৌধুরী বলেন, আমরা আশা করি আমাদের আর বেশিদিন অপেক্ষা করতে হবে না এবং নিহত ও আহতরা সুবিচার পাবে।
ইন্টারপোল ও স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্তকারীরা বেশ কয়েকবার মাজার প্রাঙ্গন সফর করে গেছেন।
সিআইডির সিনিয়র এএসপি এবং মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মুন্সী আতিকুর রহমান বলেন, চার্জশিট দাখিল করার ব্যাপারে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।
ওই সিআইডি কর্মকর্তা বিডিনিউজকে বলেন, যত শিগগিরই সম্ভব আমরা আমাদের কাজ সম্পন্ন করব।
সিআইডি সিলেটের ২০০৪ সালের ১২ জানুয়ারি মাজারে বিস্ফোরণ, ৫ আগস্ট দুই সিনেমা হলে বিস্ফোরণ, ৭ আগস্ট প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সমাবেশের কাছে বিস্ফোরণ মামলাও তদন্ত করছে।
কিন্তু এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অগ্রগতি নেই।
