বিদ্যুত সঙ্কটের জন্যে সরকার দায়ী, রাজনৈতিক সদিচ্ছার অভাব: বিশেষজ্ঞ
বিদ্যুত প্রতিমন্ত্রীকে অযোগ্য আখ্যায়িত করে বিশেষজ্ঞরা শনিবার এক আলোচনা সভায় দেশে অব্যাহত বিদ্যুত সঙ্কটের জন্যে তার কঠোর সমালোচনা করেছেন।
বিশেষজ্ঞরা এক ওয়াট বিদ্যুত উৎপাদন করতে অসমর্থ ৬০ হাজার কিলোমিটার নতুন সরবরাহ লাইন প্রতিষ্ঠার প্রচারণাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে সমালোচনা করেন। তারা বলেন, বিদ্যুত সঙ্কটকে রাজনৈতিক সঙ্কট হিসেবে বিবেচনা করে তার সমাধান করতে হবে।
জাতীয় প্রেসক্লাবে শনিবার সমাজ - রূপান্তর অধ্যায়ন কেন্দ্র আয়োজিত ‘বাংলাদেশে বিদ্যুতের চাহিদা, উৎপাদন ও সরবরাহ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এমন মন্তব্য করেন। বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন মাহমুদ কামাল ‘ক্রসফায়ারে বাংলাদেশে বিদ্যুত ব্যবস্থা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইঞ্জিনিয়ার ইনামুল হক।
মূল প্রবন্ধে নুরুদ্দিন কামাল বলেন, দুর্নীতির কারণে গত এক দশকে বাংলাদেশের বিদ্যুত খাতে ১০০ কোটি মার্কিন ডলার লোকসান হয়েছে।
তিনি বলেন, সাড়ে চার বছর ক্ষমতায় থাকার পর বিদ্যুত প্রতিমন্ত্রী এখন বলেন, তহবিলের অভাবের কারণে বিদ্যুত প্রকল্প স্থাপন করা কঠিন। এটা পুরোপুরি অসত্য।
বাংলাদেশের বর্তমান বিদ্যুত সঙ্কট কাটিয়ে উঠতে কমপক্ষে তিন বছর প্রয়োজন বলে বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এর সম্প্রতিক মন্তব্যের উল্লেখ করে তিনি বলেন, জনগণের টাকা খরচ করে এ ধরনের একজন মন্ত্রী রাখার কি কোনো প্রয়োজন রয়েছে?
জাতীয় গ্রিডে এক ওয়াট বিদ্যুত সরবরাহ করতে অসমর্থ ৬০ হাজার কিলোমিটার নতুন সরবরাহ লাইন প্রতিষ্ঠার প্রচারণাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে পিডিবি সাবেক চেয়ারম্যান বলেন, এটা হচ্ছে সরকারের রাজনৈতিক ফন্দি।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ক্ষমতাসীন শ্রেণী দিয়ে চলমান বিদ্যুত সঙ্কটের সমাধান হবে না। তারা হচ্ছে আন্তর্জাতিক পুঁজিবাদের সহযোগি শক্তি। গ্যাস ও কয়লার মতো জাতীয় সম্পদ ধ্বংস করে নিজ স্বার্থোদ্ধারে বেশি আগ্রহী।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ড. শামসুল আলম, এসকেএম আব্দুল্লাহ ও জোনায়েদ সাকী বক্তব্য রাখেন।
