বোরো ধান কাটার ভরা মৌসুমেও চালের দাম অপরিবর্তিত
বোরো ধান কাটা পুরো দমে চললেও রাজধানীর বাজারে চালের দাম অপরিবর্তিত রয়েছে। মান অনুযায়ী রাজধানীর খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম ১৮ থেকে ২৮ টাকার মধ্যে রয়েছে।
উন্নত মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৮ টাকায়। আর মাঝারি মানের চাল বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকায়।
উন্নত ও মাঝারি মানের নাজিরশাইল চালের দাম ২৪ থেকে ২৬ টাকার মধ্যে রয়েছে। অপরদিকে পরী ও মোটা চালসহ সব ধরনের মোটা চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকার মধ্যে।
রাজধানীর কারওয়ান বাজারের মেঘনা রাইসের মালিক ও পাইকারি চাল বিক্রেতা আবু বকর সিদ্দিকী বলেন, অধিকাংশ চাল মিল মালিকরা মন্দা মৌসুমে বিক্রি করার জন্য চাল মজুদ করে রাখছেন। ধানের দামও বেশি।
তিনি বলেন, গত বছর এই সময়ে এক কেজি মিনিকেট চালের পাইকারি দর ছিল ২১ টাকা। অথচ এ বছর এক কেজি মিনিকেটের দাম হচ্ছে ২৪ টাকা।
তিনি বলেন, ডিজেল ও সারের উচ্চমূল্য কৃষকদের ধানের উৎপাদন খরচ বাড়িয়ে দিয়েছে। আর পরিবহন খরচ পাইকারি বাজারের মূল্য বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের অধীনে খোলা বাজারে বিক্রি প্রক্রিয়া অব্যাহত থাকার পর সব ধরনের ডাল ও চিনির বেশি দাম অব্যহত রয়েছে।
পূর্ববর্তী সপ্তাহের চেয়ে শুক্রবার কেজি প্রতি রসুনের দাম বেড়েছে ১০ টাকা। উন্নত মানের এক কেজি রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। তবে পেঁয়াজের দাম আগের সপ্তাহের তুলনায় ২ টাকা কমে গিয়ে এখন ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সবজির বাজারে কুমড়ার দাম কমেছে। প্রতি কেজি কুমড়া বিক্রি হচ্ছে ১০ টাকায়। বেগুন, ঢেঁড়শ, করলা, চিচিঙ্গা ও ঝিঙ্গাসহ অন্যান্য সবজি কেজি প্রতি ২০ টাকায় বিক্রি হচ্ছে।
পলাশী বাজারের সবজি বিক্রেতা আব্দুর রশিদ জানান, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবার সবজির দাম বেশি ছিল। অধিক চাহিদার পাশাপাশি সীমিত সরবরাহের কারণে এদিন সবজির দাম বেশি থাকে বলে তিনি জানান।
মাংসের বাজারে এক কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। আর মাঝারি আকারে ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকায়।
