অর্থবছরের শেষের দিকে ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি এড়াতে পর্যবেক্ষণ দল গঠন করবে সরকার
অর্থবছরের শেষের দিকে সাধারণত ব্যয় বৃদ্ধির অস্বাভাবিকতা এড়াতে অর্থ মন্ত্রণালয় সরকারের জারিকৃত নির্দেশনা অনুসরণ করতে বাজেট বাস্তবায়ন সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে।
অর্থ মন্ত্রণালয় এক সার্কুলারে জানিয়েছে, উন্নয়ন খাতের বিল পেশ করার শেষ দিন অর্থ্যাৎ চলতি বছরের ৩১ মে’র পর উন্নয়ন বাজেটের জন্যে কোনো তহবিল ছাড় দেওয়া হবে না। অনুন্নয়ন খাতের বিল জমা দেওয়ার শেষ সময়সীমা ১০ জুন। আর বিল ফেরতের শেষ সময়সীমা ১৫ জুন ও সকল বাজেটের চেক দেওয়ার তারিখ ৩০ জুন।
এতে বলা হয়, অর্থ বিভাগ, মহা হিসাব নিরীক্ষক কার্যালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি দল গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে হিসাবরক্ষণ কার্যালয়, বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের সকল শাখা পরিদর্শন করবে।
অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কায় মন্ত্রণালয় ও দপ্তরের ব্যয় ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় প্রতিটি অর্থবছরের শেষের দিকে সরকার অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যাপক চাপের সম্মুখীন হয়। সরকার অর্থ ব্যবস্থাপনার ওপর থেকে চাপ হ্রাস করারও সিদ্ধান্ত নিয়েছে।
সরকারি কর্মকর্তা সূত্রে জানা যায়, বিভিন্ন উন্নয়ন বাজেট বাস্তবায়ন সংস্থা গত অর্থবছরের সবশেষ সপ্তাহে ৫,০০০ কোটি টাকা ব্যয় করেছিল।
অর্থ মন্ত্রণালয়ের সার্কুলারে আরো বলা হয়, চলতি বাজেট বরাদ্দের সাথে জড়িত কোনো আমদানির ক্ষেত্রে আমদানি ও পরিশোধ ৩০ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে। আর তা না করলে আমদানি তথ্য পেশ না করার বিস্তারিত ২২ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে।
এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ৩০ জুনের পর কোনো ঋণপত্র ইস্যু করবে না বা চলতি অর্থবছরের বরাদ্দের বিপরীতে কোনো ঋণপত্রের নিষ্পত্তি করবে না।
অভিজ্ঞতার কথা উল্লেখ করে সার্কুলারে বলা হয়, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তরসহ প্রকল্প বাস্তবায়ন সংস্থাগুলো অর্থবছরের শেষ দিকে বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কায় অতিরিক্ত ব্যয় করে থাকে।
অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, চলতি মে মাসের শেষের দিকে পরিদর্শক দল তাদের কাজ শুরু করতে পারে। সরকারের সার্কুলার মেনে চলা হচ্ছে নাকি তা ভঙ্গ করা হচ্ছে তা দেখার জন্যে পরিদর্শক দল কাজ শুরু করবে।
