২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কের ট্রেড অ্যাক্ট ইভেন্ট সেমিনারে বিজিএমইএ’র নেতৃবৃন্দের অংশগ্রহণ

মার্কিন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধি দল নিউইয়র্কের হেরিটেজ ফাউন্ডেশনে ১৬ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত ‘ট্রেড অ্যাক্ট ইভেন্ট’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 08:43 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বিজিএমইএ সভাপতি টিপু মুনশি তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বাকি দু’জন হলেন- বিজিএমইএ’র সাবেক সহসভাপতি আলমগীর এম জেড রহমান ও বৈদেশিক মিশন শাখার স্থায়ী কমিটি চেয়ারম্যান আরশাদ জামাল দিপু। ১৪ মে তারা নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

সেমিনারে অংশগ্রহণকারীরা বাংলাদেশসহ ১৪টি স্বল্পোন্নত দেশের পোশাক ও পোশাকসামগ্রী যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা সংক্রান্ত ট্যারিফ রিলিফ অ্যাসিস্ট্যান্স ফর ডেভেলপিং ইকোনোমিস (ট্রেড) বিল পাসের পক্ষে জোরালোভাবে সুপারিশ করেছেন। বিজিএমইএ’র প্রতিনিধিদলের সাথে আফগানিস্তানের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

বিজিএমইএ’র প্রতিনিধিদল একইদিন দুপুরে রিপাবলিকান সিনেটর স্যাম ব্রাউনব্যাকের সাথে সাক্ষাৎ করেছে। এ সময় সিনেটর স্যাম বিলের ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন বলে বিজিএমইএ সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, সিনেটর স্যাম মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের একজন সম্ভাব্য প্রার্থী।

বাংলাদেশ প্রতিনিধিদল বাণিজ্য কাউন্সিলর স্টেফানি লেস্টার, ইউএস হাউজ কমিটি অব ওয়েজ অ্যান্ড মিন্সের চেয়ারম্যান বিল থমাস এবং কমিটির অন্যান্য কর্মকর্তাদের সাথে উল্লেখিত বিল নিয়ে এক আলোচনা বৈঠকে মিলিত হয়।

সিনেটর জিম ডিমিন্টের সাথে প্রতিনিধিদলের সাক্ষাৎকালে সিনেটর জানিয়েছেন, তিনিও বিলের বিপক্ষে নন।

ওয়াশিংটনে বাংলাদেশী রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী বিজিএমইএ প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন।

বিজিএমইএ’র সাথে মার্কিন লবিস্ট প্রতিষ্ঠান স্যান্ডলার, ট্রাভিস অ্যান্ড রোজেনবার্গের সাথে দুই বছরের চুক্তি রয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক ও পোশাকসামগ্রীর শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে সিনেটে ট্রেড বিলটি পাসের জন্য লবিস্ট প্রতিষ্ঠান কাজ করবে। চুক্তির মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত।