গরীবদের তেল পৌঁছে দিতে সরকারকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে এনজিওরা
দেশের বেসরকারি সংস্থাগুলো (এনজিও) মঙ্গলবার প্রত্যন্ত অঞ্চলের গরীব লোকদের উচ্চ ভর্তুকির জ্বালানি তেল, বিশেষ করে ডিজেল ও কেরোসিন পৌঁছে দিতে সরকারকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে।
কৃষি, বয়স্ক ভাতা ও বাজেটে ছোট উদ্যোক্তার তহবিলে নিজেদের জড়িত করতেও তারা আগ্রহ প্রকাশ করেছে।
এদিকে সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে রেশনিং ব্যবস্থায় কেরোসিন এবং কৃষকদের জন্যে বিশেষ প্যাকেজ ব্যবস্থায় ডিজেল প্রদানের চিন্তাভাবনা করছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের সাথে মঙ্গলবার বৈঠকের পর নেতৃস্থানীয় এনজিও আশার নির্বাহী সহ--সভাপতি এনামুল হক সাংবাদিকদের বলেন, সারা দেশে আমাদের দেড় কোটির মতো সদস্য রয়েছে। কৃষক ও অন্যান্য প্রান্তিক জনগণের মধ্যে কার্যকর উপায়ে তেল বিতরণের ক্ষেত্রে তাদের ব্যবহার করা যেতে পারে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সম্পর্কে তিনি বলেন, গরীবদের যাতে সবচেয়ে কম ক্ষতি হয়, সে জন্যে তাদের দিকে বিশেষ মনোযোগ নিতে এনজিওগুলো সরকারকে পরামর্শ দিয়েছে।
আসন্ন তেলের উচ্চমূল্য ও আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের অব্যাহতভাবে মূল্য বৃদ্ধির ফলে দেখা দেওয়া অর্থনৈতিক সঙ্কট নিয়ে এনজিওদের সাথে আলোচনার জন্যে অর্থ মন্ত্রণালয় ওই বৈঠকের আয়োজন করে।
বৈঠক শেষে সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, তেলের মূল্য বৃদ্ধি ও পরবর্তী বাজেটের প্রস্তুতির সাথে সম্পর্কিত সমস্যা কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে আমি তাদের সাথে কথা বলেছি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলকে সমর্থন প্রদান অথবা দলের পক্ষে প্রচারণাসহ নির্বাচন কর্মকা-ে এনজিওদের জড়িত হওয়া উচিত নয়।
আশা, ব্র্যাক, অক্সফাম ও ঢাকা আহসানিয়া মিশনসহ ৩০টির মতো এনজিওর প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
