তেলের সরবরাহ শীর্ষ অবস্থায় পৌঁছে গেছে, কোম্পানিগুলো অতিরঞ্জিত তথ্য দিচ্ছে: মার্কিন জ্বালানি ব্যাংকার
মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষপর্যায়ের একজন জ্বালানি বিনিয়োগ ব্যাংক কর্মকর্তা বলেছেন, তেল সরবরাহের ক্ষেত্রে বিশ্ব শীর্ষ অবস্থায় পৌঁছে গেছে। আন্তর্জাতিক তেল কোম্পানি ও তেল উৎপাদনকারী দেশগুলো সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে আনতে ও তাদের বাজার অস্থিতিশীল না করতে তাদের উপাত্ত অতিরঞ্জিত করে বলছে।
বিশ্বের সর্ববৃহৎ জ্বালানি বিনিয়োগ ব্যাংকিং কোম্পানি সিমন্স অ্যান্ড কো. ইন্টারন্যাশনাল চেয়ারম্যান ম্যাথু সিমন্স বলেন, ওইসিডি, আইইএ, তেল কোম্পানি এবং তেল উৎপাদনকারী দেশগুলোসহ অনেক স্থান থেকেই আমরা উপাত্ত পাচ্ছি। কিন্তু বিশ্বজুড়ে তেল সরবরাহ হ্রাসের স্পষ্ট হার দেখে আমি অবাক হয়েছি। তেল কোম্পানিগুলো তাদের শেয়ারের দাম বাড়ানোর চেষ্টা করছে। আর এ কারণেই তারা অতিরঞ্জিত উপাত্ত দিচ্ছে।
বুশ প্রশাসন ও ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির ২০০১ সালের জ্বালানি টাস্কফোর্স ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক পরিষদের একজন উপদেষ্টা ছিলেন ম্যাথু।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইস্ট ওয়েস্ট সেন্টারের সৌজন্যে জেফারসন ফেলোশিপ কর্মসূচির আওতায় নিজের কার্যালয়ে একদল সাংবাদিকের সাথে আলাপকালে সিমন্স বলেন, তেলের মূল্য ও সরবরাহ বেড়ে গেছে। আর নতুন করে বড় ধরনের তেলক্ষেত্র আবিষ্কার না হওয়ায় এটি কমবে না।
তিনি বলেন, তেলের মূল্য ও সরবরাহ সর্বোচ্চ অবস্থানে পৌঁছে যাওয়া হচ্ছে প্রকৃত ইস্যু। এটিকে খুব দ্রুত বিবেচনা করতে হবে। সৌদি আরব এখন সম্ভবত টেকসই আউটপুটের জায়গাটিতে নেই। অবশিষ্ট মধ্যপ্রাচ্যের তেল আগের মতোই রয়েছে অথবা আরও খারাপ হয়েছে। নতুন কোনো তেলক্ষেত্র আবি®কৃত হচ্ছে না।
গ্যাস সম্পর্কে সিমন্স ম্যাথু বলেন, গ্যাস তেলের চেয়ে দ্রুত ফুরিয়ে যাওয়ায় প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ অবস্থা আরও বিপজ্জনক ইস্যু। তাই একটির সমাধান করা যাবে। কিন্তু অপরটি সমাধানযোগ্য নাও হতে পারে।
গত ১৫ বছরে তেলের সরবরাহ ২ থেকে ৩ শতাংশ কমে গেছে।
সিমন্স বলেন, বিশ্বজুড়ে থাকা তেলক্ষেত্রের সরবরাহ কমতে শুরু করেছে। আন্তর্জাতিক তেলের বাজারের ওপর এটি প্রভাব ফেলবে।
পৃথিবীতে ব্যাপক তেল সঙ্কট দেখা দেবে কিনা এবং এক্ষেত্রে করণীয় সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বিশ্বজুড়ে পরিবহন ব্যবস্থা, মানুষের খাদ্যাভ্যাস এবং কাজের সময়ে পরিবর্তন আনার উপদেশ দেন। এটিকে কার্যকর করা ও তেলের ওপর চাপ কমানোর জন্য তিনি সকল দেশকে নিয়ে জাতিসংঘের আওতায় একটি মার্শাল পরিকল্পনার কথা বলেন।
তিনি বলেন, একক কোনো দেশের পক্ষে এটি সম্ভব নয়। সকল দেশকে একটি ঐকমত্যে পৌঁছাতে হবে। পরিবহন ব্যবস্থায় আমরা অনেক বেশি তেল খরচ করে থাকি। সংখ্যাটা হবে ৮০ থেকে ৮৫ শতাংশ। তিনি প্রশ্ন করে বলেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খাবার নিয়ে আসার প্রয়োজন কি? আমরা যা উৎপাদন করি তা আমরা কেন গ্রহণ করি না?
তিনি বলেন, বিশ্বজুড়ে একই ধরনের তেল সংরক্ষণ পরিকল্পনা গ্রহণ করতে হবে। অন্যথায় মজুদদারি, ঘাটতি দেখা দেবে এবং যা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে।
