লোডশেডিংয়ের কারণে শিল্পোৎপাদন ২০ ভাগ কমেছে
বিদ্যুতের ঘাটতির কারণে দেশের রপ্তানিযোগ্য শিল্প কারখানাগুলোর উৎপাদন প্রায় ২০ ভাগ কমে গেছে। এমনকি জেনারেটর ব্যবহার করে কাজ চালিয়ে যাওয়ার পরও এ অবস্থা বিরাজ করছে।
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা ঘুরে দেখা গেছে যখন বিদ্যুতের সরবরাহ মোটামুটি স্বাভাবিক ছিল তখনকার তুলনায় বর্তমানে শিল্প কারখানাগুলো তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না।
সোনারগাঁও ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক বিডিনিউজকে জানান, দিনে চার থেকে পাঁচ ঘন্টা বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে কারখানার উৎপাদন ২০ শতাংশ কমে গেছে।
তিনি জানান, তার কারখানায় প্রতিদিন স্বাভাবিকভাবে ৪০ থেকে ৪২ হাজার গজ কাপড় উৎপাদন হতো, কিন্তু বর্তমানে এর পরিমান ৩৩ থেকে ৩৫ হাজার গজে এসে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, তার জেনারেটর থাকলে তা চালু করতে দীর্ঘ সময় লেগে যায়। দৈনিক তিন থেকে চার ঘন্টা লোডশেডিংয়ের কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন একই এলাকার আরও অনেক শিল্পকারখানার কর্মকর্তারা।
গত বছর এ সময়ে লোডশেডিংয়ের পরিমান ছিল ৭০০ থেকে ৮০০ মেগাওয়াট, কিন্তু বর্তমানে এর পরিমান গিয়ে দাঁড়িয়েছে ১৮০০ থেকে ২০০০ মেগাওয়াটে।
বাংলাদেশ তৈরী পোশাক এবং রপ্তানীকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি টিপু মুন্সী বলেন, আমরা রপ্তানীর লক্ষ্যমাত্রা বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু বিদ্যুতের বর্তমান ঘাটতির কারণে শিল্প উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না।
বিজিএমইএ’র সাবেক সভাপতি এবং মোহাম্মদী গ্র“পের কর্ণধার আনিসুল হক জানান, জেনারেটর দিয়ে কারখানা চালানোর পরও উৎপাদন ২৫ থেকে ৩০ ভাগ কমে গেছে। তিনি আরও জানান, ঢাকার তুলনায় রূপগঞ্জ এবং গাজীপুরের অবস্থা আরও ভয়াবহ।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক এবং রপ্তানীকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, নিটওয়্যার কারখানাগুলোতে লোডশেডিংয়ের কারণে উৎপাদন প্রায় ৪০ ভাগ কমে গেছে। জেনারেটর দিয়ে ১৫ থেকে ২০ ভাগ উৎপাদন ঘাটতি কমানো সম্ভব বলে তিনি জানান।
বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত জানান, বিদ্যুতের এই রকম দুরবস্থার কারণে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষুদ্র এবং মাঝারি শিল্প কারখানা বন্ধ হয়ে যেতে পারে।
তিনি বলেন, বড় বড় শিল্প কারখানার গুলোর জেনারেটর থাকলেও ক্ষুদ্র এবং মাঝারি শিল্প কারখানাগুলোর জেনারেটর ব্যবহার করে উৎপাদন ঘাটতি পূরণ করার মত সার্মথ্য নেই।
শিল্পপতিদের এ সব অভিযোগকে সমর্থন করেছেন বাংলাদেশে একটি বহুজাতিক এজেন্সীতে কর্মরত একজন অর্থনীতিবিদ।
তার মতে লোডশেডিংয়ের মাত্রা সহনীয় পর্যায়ে থাকলে চলতি অর্থবছরে শিল্প উৎপাদনের পরিমান আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল।
