ভবিষ্যতের ঋণ নির্ভর করবে সুশাসন পরিস্থিতির ওপর: দাতাদের হুমকি
দেশের উন্নয়ন অংশীদাররা সোমবার সুশাসনে সংকটের পেছনে সংঘাতময় রাজনীতিকে দায়ী করে হুসিয়ারি উচ্চারণ করেছে যে, ভবিষ্যতে তাদের সকল ঋণের ক্ষেত্রে সুশাসনের মাপকাঠী নির্ণয় করে বিশেষ শর্ত দেওয়া হবে।
তারা বলেন, রাজনীতির অচলাবন্থা এবং শাসন ব্যবস্থায় দরিদ্রদশা দেশের শান্তি ও উন্নয়ন প্রক্রিয়াকে ব্যহত করছে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেল সোমবার বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি অ্যাসিসট্যান্স স্ট্রাটেজি (ক্যাস) এর ঘোষণা প্রদানকালে সাংবাদিকদের এ কথা বলেন। এশীয় উন্নয়ন ব্যাংক, ডিএফআইডি ও জাপান যৌথভাবে এ কৌশল প্রণয়ন করেছে।
নির্বাচন অর্থায়ন প্রক্রিয়ার সংস্কার, রাজনৈতির দলগুলোর উন্নয়ন, রাজনৈতিক প্রতিযোগিতার মান উন্নয়ন এবং সংসদের কার্যকারিতা বৃদ্ধিকে দেশের রাজনৈতিক সংকট উন্নয়নে প্রধান চাবিকাঠী হিসেবে উল্লেখ করা হয়েছে এ কৌশলে।
বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন আই ওয়ালিক, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হুয়া ডু, বাংলাদেশে ডিএফআইডি প্রধান ডেভিড উড বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনোমিস্ট অলমা কানানি এবং জাপানের চার্জ ডি অ্যাফেয়ার্স এসময় উপস্থিত ছিলেন।
ক্যাস এর আওতায় বিশ্বব্যাংকের আইডিএ থেকে তিন বিলিয়ন মার্কিন ডলার, এবং এডিবি ও ডিএফআইডি ছয় শ’ মিলিয়ন ডলার করে ঋণ সহায়তা দেবে।
ক্রিস্টিন আই ওয়ালিক বলেন, “গত দুই দশকে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন হয়েছে।
কিন্তু তার পরেও সুশাসনে মানসম্মত পর্যায়ে না পৌঁছার কারণে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার কার্যকারিতা নিয়ে উদ্বেগ রয়েছে, আর এ জন্যে বিশ্বব্যাংকের এবারের কান্ট্রি অ্যাসিসট্যান্স স্ট্রাটেজিতে সুশাসনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”
দাতারা বলেছেন, এবারের কর্মসূচিতে সুশাসন ব্যবস্থার ওপর আলোকপাত করা হবে। এবং সুশাসনের মাপকাঠী নির্ণয় করে ঋণের শর্তারোপ করা হবে।
ক্যাস এ বলা হয়েছে বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতা, মান নিয়ন্ত্রণ ও দুর্নীতি মোকাবেলার ক্ষেত্রে স্বল্প আয়ের দেশগুলোর মধ্যে নিচের দিকে রয়েছে।
