২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীরা চলমান বিদ্যুত সমস্যাকে ‘জাতীয় সঙ্কট’ হিসেবে দেখছেন

দেশের প্রখ্যাত ব্যবসায়ীরা এক প্রাক বাজেট আলোচনায় বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে যে কোনো মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 07:51 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

তারা বর্তমান বিদ্যুত সঙ্কটকে ‘জাতীয় সঙ্কট’ হিসেবে অভিহিত করে আগামী বাজেটে সর্বাধিক গুরুত্ব দিয়ে এ সমস্যা সমাধানেরও আহ্বান জানান।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ব্যবসায়ীদের বক্তব্যে সম্মতি জানিয়ে বলেন, ‘আমিও এ ব্যাপারে আপনাদের সাথে একমত।

তিনি সমস্যা স্বীকার করে বলেন, আমাদের ইচ্ছা থাকলেও এ খাতে আমরা কিছুই করতে পারিনি।

বিদ্যুতকে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি বলে অভিহিত করে সাইফুর রহমান বলেন, এই খাতে অনেক বিনিয়োগ করেছে সরকার কিন্তু কোনোও লাভ পায়নি।

জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে নগরীর একটি হোটেলে আয়োজিত প্রাক বাজেট আলোচনাটি অনুষ্ঠিত হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান আলোচনায় প্রধান অতিথি এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি এম নাসির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী।

ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, ছোট ও মাঝারি শিল্পের সমস্যা, মুদ্রা বাজার, কর অবকাশ, বন্দরের উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর প্রতি আলোকপাত করেন।

সরকারের পরিসংখ্যান উদ্ধৃত করে এফবিসিসিআই পরিচালক রউফ চৌধুরী বলেন, দেশে ১৫০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। কিন্তু পরিস্থিতির উন্নয়নে সরকারের কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখছি না।

তিনি বলেন, পরিস্থিতির উন্নয়নে এবং নিরবচ্ছিন্ন সরবরাহের জন্যে আমরা নেপাল, ভুটান এবং উত্তর ভারত থেকে বিদ্যুত কিনতে পারি। 

ডিসিসিআই সভাপতি এমএ মোনেম বলেন, অনিয়মিত বিদ্যুত সরবরাহ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে হুমকি। এ কারণে দেশ এখন সঙ্কটময় মুহূর্ত পেরিয়ে চলেছে।

বাংলাদেশ নিট ওয়্যার ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) ফজলুল হক বলেন, বর্তমান অর্থবছরে তারা এখন পর্যন্ত ৩১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। কিন্তু বিদ্যুতের ঘাটতির কারণে রপ্তানিকারকরা সব অর্ডার নিতে পারছেন না।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আনোয়ার পারভেজ বলেন, ২০০৮ সালে চাইনিজ রপ্তানি বাধা উঠে গেলে টেক্সটাইল রপ্তানি চরম চ্যালেঞ্জের মুখে পড়বে।

তিনি বলেন, অনিয়মিত বিদ্যুত সরবরাহ, জ্বলানি তেল ও গ্যাসের উচ্চ মূল্য এ খাতকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

আলোচনার মাধ্যমে ২০০৬-০৭ সালের বাজেট প্রণয়নে সহায়তা করার জন্যে ধন্যবাদ জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমান বলেন, বাজেটে সকল গোষ্ঠিকে সন্তুষ্ট করা সম্ভব নয়।

সাইফুর রহমান বলেন, বর্তমান অর্থ বছরে সরকার পেট্রোলিয়ার পণ্য আমদানি করতে এক দশমিক আট বিলিয়ন ডলার ব্যায় করেছে।

সরকারের অর্জণকে পাশ কাটিয়ে বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরায় মন্ত্রী গণমাধ্যমের সমালোচনা করেন।

মীর নাসির বলেন, আমরা ২০০৬-০৭ বাজেটের কাছাকাছি চলে আসায় আমরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করতে দৃষ্টি দেব। 

এফবিসিসিআই আমদানি শুল্ক ছয় শতাংশ থেকে কমিয়ে আড়াই শতাংশ করার পরামর্শ দেয়।