২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা হ্রাস, দুর্নীতি ও ইসলামী জঙ্গি প্রধান সমস্যা: বিইএ সভাপতি

বাংলাদেশ অর্থনীতি সমিতির (বিইএ) সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমদ শনিবার বলেছেন, রাষ্ট্রীয় প্রধান প্রধান প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা হ্রাস, ব্যাপক দুর্নীতি ও ইসলামের নামে সহিংসতার মতো অনেক মৌলিক সমস্যার মুখোমুখি হচ্ছে জনগণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

তবে জ্বালানি সঙ্কট, বৈদেশিক মুদ্রা সঙ্কট এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফিতির মতো অন্যান্য ভয়ানক সমস্যাও জাতিকে আজ মোকাবেলা করতে হচ্ছে বলে ড. খলিকুজ্জামান উল্লেখ করেন।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শনিবার বিকেলে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ সমিতি (বিওয়াইইএ) আয়োজিত ‘বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে খলিকুজ্জামান এ কথা বলেন।

বিওয়াইইএ’র সভাপতি এজেডএম সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান, পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ইব্রাহীম খালেদ, দৈনিক আমার দেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক আতাউস সামাদ এবং বিওয়াইইএ সম্পাদক বদরুল মুনির বক্তব্য রাখেন।

বাংলাাদেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান খলিকুজ্জামান বলেন, সরকার সঙ্কট ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিচ্ছে। গত দু’দশকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা অবহেলা করা হয়েছে। সঙ্কট ব্যবস্থাপনার জন্যে দীর্ঘমেয়াদি নীতি ও কর্ম পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলে তিনি জানান।

তিনি বলেন, ভুয়া ভোটারদের নাম কেটে ও প্রকাশিত খসড়া তালিকা থেকে বাদ পড়া প্রকৃত ভোটারদের নাম অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন যদি একটি বিশ্বস্ত ভোটার তালিকা প্রস্তুত করতে ব্যর্থ হয়, তাহলে অন্যদের কাজ করার সুযোগ করে দিতে সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনের অন্যান্যদের পদত্যাগ করা উচিত।

হাইকোর্টের জারিকৃত রুল সম্পর্কে তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক সকল প্রার্থীকে তাদের সম্পদের পরিমাণ ও সম্পদের উৎস ঘোষণা করতে হবে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা শাহজাহান একদিনের গণতন্ত্রের চর্চা ও পাঁচ বছরের জন্যে সরকারকে দেশ ইজারা দেওয়ার ব্যবস্থা বন্ধ করার দাবি জানান।

তিনি বলেন, জনপ্রতিনিধিদের সম্পর্কে তথ্য জানার অধিকার জনগণের রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের কানসাট আন্দোলনের কথা উল্লেখ করে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খালেদ বলেন, জনগণ জেগে উঠলে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। এ জন্যে তিনি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।