২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের উচ্চমূল্য থেকে ক্ষতিগ্রস্তদের রক্ষা করতে কৌশল নির্ধারণে সরকারের পরিকল্পনা

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান শনিবার বলেছেন, তেলের উচ্চমূল্যের হাত থেকে জনগণের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশকে রক্ষা করতে সরকার কৌশল নির্ধারণের পরিকল্পনা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের সহ - সভাপতি প্রফুল সি প্যাটেলের সাথে সাইফুর রহমানের বাসভবনে এক বৈঠকের পর সাংবাদিকদের বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাবে, এটা নিশ্চিত। কিন্তু দাম বাড়ানো হলে কৃষক ও কেরোসিন ব্যবহারকারীসহ জনগণের যে অংশটি সবচেয়ে ক্ষতির সম্মুখীন হবে, সে অংশকে সুবিধা দিতে প্যাকেজ নির্ধারণ করতে সরকার এখনো চেষ্টা করে যাচ্ছে। এ কারণে তেলের মূল্য বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না।

 অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে তেলের মূল্য সমন্বয় না করার কারণে দেশের অর্থনীতি ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে।

সাইফুর রহমান বলেন, তেলের দাম বাড়ানোর আগে সরকার কয়েকটি গোষ্ঠিকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, নিরাপত্তা জাল কর্মসূচির আওতায় কৃষক ও অন্যান্য ক্ষতিগ্রস্ত গ্রুপকে আনার ব্যাপারে উপায় খুঁজে বের করতে সরকার চেষ্টা করছে। যাতে তেলের দাম বাড়লে তারা কম ক্ষতির মুখোমুখি হন।

ভারতে প্রতি লিটার ডিজেল ৮৭ সেন্টে এবং বাংলাদেশে প্রতি লিটার ডিজেল ৪৭ সেন্টে বিক্রি হওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তেলের দাম বাড়ানোর ইস্যু এড়িয়ে যাওয়ার উপায় নেই।

নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাপারে মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্যের যে আপত্তি রয়েছে, সে ব্যাপারে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে সাইফুর রহমান বলেন, তারা রাজনীতি করেন, আমি করি না।

সাংবাদিকদের সাথে আলাপকালে বিশ্বব্যাংকের সহ - সভাপতি প্যাটেল বলেন, অবকাঠামোগত, বিদ্যুত, শিক্ষা এবং স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্যে বিশ্বব্যাংক তার কান্ট্রি এসিস্ট্যান্স স্ট্র্যাটেজির (সিএএস) আওতায় বাংলাদেশকে আগামী তিন বছরের (২০০৬-২০০৯) জন্যে তিন বিলিয়ন মার্কিন ডলার দেবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইসমাইল জাবিউল্লাহ ও বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক ক্রিস্টিন আই ওয়ালিক বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিকে সূত্র জানিয়েছে, সেচ মৌসুমের সময় প্রকৃত কৃষকদের ডিজেল ভর্তুকি দিতে ও কেরোসিন ব্যবহারকারীদের জন্যে রেশনিং পদ্ধতির চালু করতে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে।