২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকের সভায় ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন; নির্বাচনের আগে ভালো ভালো প্রকল্প গ্রহণ করা হয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বুধবার বলেছেন, নির্বাচনের আগে সবসময়ই ভালো ভালো প্রকল্প হাতে নেয়া হয়ে থাকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 10:27 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, এটি একটি রাজনৈতিক সরকার, কোনো নির্বাহী বা সামরিক সরকার নয়।

অর্থমন্ত্রী বলেন, এটা খুবই স্বাভাবিক যে রাজনৈতিক সরকার সবসময় জনগণের কল্যাণমুখী প্রকল্প গ্রহণ করে থাকে।

অর্থমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত ও অপচয় হ্রাস করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

বুধবার একনেকের বৈঠকে প্রায় ৩ হাজার ৩৩১ কোটি টাকার প্রকল্প সাহায্যসহ মোট প্রায় ৬  হাজার ১৭৪ কোটি টাকা ব্যয় সংবলিত ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পসমূহ হলো- ১৯৮১ দশমিক ৬৭ কোটি টাকার মেট্রোপলিটন এলাকায় ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন ও জেলা সদরদপ্তর ও উপজেলা গ্রোথ সেন্টার প্রকল্প, কুয়েত সরকারের সহায়তায় ৯৬৩ কোটি টাকার কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্প এবং ৩১৮ কোটি টাকার কুড়িগ্রাম সেচ প্রকল্প (উত্তর ও দক্ষিণ ইউনিট)।

সভায় ১১৭ দশমিক ৫৯ কোটি টাকার পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্য ও পানি সরবরাহ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

৫৮ কোটি টাকার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন, ৫৬ কোটি টাকার ময়মনসিংহ প্রকৌশল মহাবিদ্যালয় স্থাপন এবং সিলেট সিটি করপোরেশন এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অনুমোদন বৈঠকে দেওয়া হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার মোঃ আমিনুল হক, বাণিজ্য ও পানিসম্পদমন্ত্রী হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম, শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সভায় যোগদান করেন।

এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।