টেলিটক সিমের ওপর ১২ শ’ টাকা কর আরোপকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট
হাইকোর্ট বুধবার টেলিটকের সাবস্ক্রাইবারস আইডেনটিটি মডিউল-সিম কার্ডের ওপর অতিরিক্ত মূল্য সংযোজন কর হিসেবে ১২ শ’ টাকা ধার্য করা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ও সরকার কর্তৃক গ্রাহকদের কাছ থেকে এ টাকা আদায়কে অবৈধ ঘোষণা করেছেন।
টেলিটক বাংলাদেশ লিমিটেডের লটারি বিজয়ী ছয়জন গ্রাহকের দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আওলাদ আলী এবং বিচারপতি জিনার আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ বুধবার এ রায় ঘোষণা করেন।
হাইকোর্টের আদেশে এসআরও এবং অতিরিক্ত ভ্যাট হিসেবে ১২ শ’ টাকা ধার্যে টেলিটক ও সরকারের আদেশকেও অবৈধ ঘোষণা করা হয়।
রিট আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনাকারী অ্যাড. ইদ্রিসুর রহমান বুধবার এ ব্যাপারে বিডিনিউজকে বলেন, হাইকোর্টের এ রায়ের কারণে টেলিটকের সকল গ্রাহকই লাভবান হবেন।
২০০৫ সালের ৯ জুন এক এসআরও'তে টেলিটক বাংলাদেশ লিমিটেড একটি শর্ত জুড়ে দেয়, টেলিটকের সিমের জন্যে পূর্ব নির্ধারিত ১ হাজার ৮০০ টাকার সাথে অতিরিক্ত আরও ১ হাজার ২০০ টাকা দিতে হবে। পরবর্তীতে ১৩ জুন এ তথ্য সম্বলিত একটি বিজ্ঞাপনও প্রচার করে টেলিটক।
২২ মে টেলিটকের লটারি অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের ২৩ মে ফর্মের মাধ্যমে উইনার কার্ড প্রদান করা হয়। ফর্ম দাখিল করার পর ২০ হাজার গ্রাহককে ১৮০০ টাকায় একটি সিম কার্ড প্রদান করা হয়।
২০০৫ সালের ১৮ জুন লটারি বিজয়ী ছয়জন গ্রাহক অতিরিক্ত ১ হাজার ২০০ টাকা ধার্য করার বিষয়টির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। রিট আবেদনকারীরা হলেন, অ্যাড. সৈয়দ জিয়াউল হাসান, শাহরিয়ার পারভিন, অ্যাড. সেলিম আহসান খান, মো. আমির হামজা খান, রুবিনা ইয়াসমিন এবং মো. সারোয়ারে আলম।
রিট আবেদনের শুনানি শেষে ২০০৫ সালের ২১ জুন টেলিটক, সরকারি কর্র্র্র্তৃপক্ষকে অতিরিক্ত ১ হাজার ২০০ টাকা ধার্য করার বিষয়টিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে ব্যাপারে কারণ দর্শানোর আদেশ দেন।
একই সাথে হাইকোর্ট এসআরও’র ব্যাপারেও সংশ্লিষ্টদের কারণ দর্শানোর আদেশ প্রদান করেন।
অর্থ এবং টেলিফোন ও টেলিগ্রাফ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, মূল্য সংযোজন কর দ্বিতীয় সচিব, কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনের কমিশনার (ঢাকা, উত্তর) এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালককে রিট আবেদনে বিবাদী করা হয়।
আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. ইদ্রিসুর রহমান। তাকে সহযোগিতা করেন অ্যাড. মো. শহীদুল ইসলাম, অ্যাড. প্রতিকার চাকমা এবং অ্যাড. আমাতুল কবির।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল বাসেত। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
