২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে সপ্তাহ থেকে লোডশেডিংয়ের ব্যাপারে আগাম তথ্য পাওয়া যাবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মঙ্গলবার বলেছেন, আসছে সপ্তাহ থেকে লোডশেডিংয়ের ব্যাপারে আগাম তথ্য পাওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

তবে তিনি বিদ্যুৎ প্রেরণ ও বিতরণ ব্যবস্থায় কারিগরি সমস্যার কারণে লোডশেডিংয়ের ব্যাপারে আগাম তথ্য প্রদানের ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে বলে উল্লেখ করেছেন। 

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বিদ্যুৎ বিভাগ যৌথভাবে আয়োজিত ‘শক্তি সংরক্ষণ ও চাহিদা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বিজিএমইএ সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সচিব এএনএম আখতার হোসেন, বিজিএমইএ সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও পোশাক শিল্পের উদ্যোক্তারা বক্তব্য রাখেন।

পাওয়ার সেল বাংলাদেশের মহাপরিচালক রহমতউল্লাহ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেন্টার ফর এনার্জি স্টাডিজের পরিচালক ড. শহীদুল ইসলাম খান সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

ইকবাল হাসান মাহমুদ শিল্প এলাকা ও রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বিপণি কেন্দ্রগুলোর সাপ্তাহিক ছুটি নিশ্চিত করার প্রস্তাব দেন। এটি সম্ভব হলে ৩৭০ মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি জানান। এছাড়া বিদ্যুৎ সাশ্রয় করার জন্য প্রতিমন্ত্রী সারাদেশে সিএফএল বাল্ব ব্যবহার করার প্রস্তাব দেন।

টিপু মুনশি বলেন, রপ্তানিমুখী পোশাক শিল্পগুলোকে বিদ্যুৎ প্রদানের জন্য বিশেষ মনোযোগ দেওয়া উচিত।