তেলের মূল্য, সংস্কার ইস্যুতে হাসিনা-আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক
জ্বালানি তেলের মূল্য ও সংস্কার ইস্যুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সাথে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার আলোচনা হয়েছে। ধানমন্ডির সুধাসদনে সোমবার আইএমএফ প্রতিনিধি দল শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে গেলে তাদের মধ্যে এ আলোচনা হয়।
বিশ্বব্যাংকের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপদেষ্টা থমাস আর রামবাউয়ের নেতৃত্বাধীন আইএমএফ প্রতিনিধি দল তার বাংলাদেশ সফরকালে সরকার ও বিরোধী দলের সাথে বিভিন্ন অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করে। এছাড়া সুশাসন, ব্যাংকিং খাতে সংস্কার, খাদ্যমূল্য, মুদ্রাস্ফিতি ও অন্যান্য অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়।
শেখ হাসিনার সাথে আইএমএফ প্রতিনিধি দলের এক ঘন্টারও বেশি সময় ধরে বৈঠকের পর সাবেক পরিকল্পনামন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেন, অর্থনৈতিক অস্থিতিশীলতাসহ চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি।
প্রতিনিধি দলের সাথে হাসিনার বৈঠকের উদ্ধৃতি দিয়ে মহিউদ্দিন খান সাংবাদিকদের বলেন, দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে কৃষকদের স্বার্থের দিকটা বিবেচনা করে জ্বালানি তেলের দাম নির্ধারিত হওয়া উচিত।
সরকারের বর্তমান নীতির কারণে অর্থনৈতিক লোকসান বাড়ছে বলে অবিলম্বে জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফ এর আগে সরকারকে পরামর্শ দিয়েছিলো।
প্রতিনিধি দলের সাথে আলোচনাকালে আওয়ামী লীগ দারিদ্র বিমোচন কৌশলপত্রের (পিআরএসপি) বিষয়টি উত্থাপন করেছিলো। তারা বলেছে, সরকারের পিআরএসপি নীতি দুর্বল ও অদূরদর্শী।
ব্যাংকিং খাতে সংস্কার সম্পর্কিত প্রশ্নের জবাবে মহিউদ্দিন খান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সমসাময়িক পরিস্থিতি ও অর্থনৈতিক বিবেচনায় এটি নির্ধারিত হয়ে থাকে।
আইএমএফ প্রতিনিধি দল অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং অর্থনৈতিক উন্নয়নের জন্যে সুশাসন নিশ্চিত করতে বিরোধী দলের সাথে একমত পোষন করেছে।
মহিউদ্দিন খান বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত না হলে দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারে জনগণের প্রতিনিধিত্ব সম্ভব হবে না।
নির্বাহী পরিচালকের ঊর্ধ্বতন উপদেষ্টা আর ব্যানার্জি, শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ বারনারদিন আকিতোবি, এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দপ্তরের শীর্ষ অর্থনীতিবিদ ফাহমি আবদেলাতি ও বাংলাদেশে আইএমএফ’র আবাসিক প্রতিনিধি জোনাথন সি ডান এ সময় উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
