২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি সঙ্কটের কারণ দুর্নীতি ও অপশাসন: বিশ্বব্যাংক

নগরবাসীর চরম দুর্ভোগের অন্যতম কারণ পানি সঙ্কট দুর্নীতি ও অপশাসনের ফলেই সৃষ্টি হয়েছে বলে সোমবার বিশ্বব্যাংকের এক পর্যবেক্ষণে দেখানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

বিশ্বব্যাংক কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিদের অংশগ্রহণে সিরডাপ মিলনায়তনে সোমবার ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পানি, স্যানিটেশন এবং জলবায়ুর পরিবর্তন: ডব্লিউডব্লিউএফজে’র (ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম অব জার্নালিস্ট) ৪র্থ বৈঠক এবং এএফপিইজে’র (এশিয়া প্যাসিফিক ফোরাম অব এনভায়রনমেন্টাল জার্নালিস্ট) ১৭তম কংগ্রেসে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিস্টিন আই ওয়ালিক সংবাদ সম্মেলনে বলেন, বিদুৎ ঘাটতির ফলে পাম্প চালু না রাখতে পারা ঢাকা শহরের পানি সঙ্কটের একটি কারণ। বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অপশাসনের কারণে এ ঘাটতি দেখা দিয়েছে।

সুশাসনের ওপর আলোকপাত করে তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো এবং দুর্নীতির সুযোগ কমিয়ে অর্থ বরাদ্দের মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমানকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব।

তিনি পরামর্শ দিয়ে বলেন, কার্যকারণ সম্পর্ক বিশ্লেষণে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং তারা সঙ্কটের মূল কারণ বিশ্লেষণ ও তার ওপর আলোকপাত করতে পারেন এবং বাস্তবসম্মত সমাধানের ব্যাপারে মতামত দিতে পারেন। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, পানি ও জলবায়ু সংক্রান্ত সমস্যার সমাধানে অধিকাংশ সময়ই বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় ও সংস্থাগুলো থেকে পর্যাপ্ত সহযোগিতা পায় না।

ফোরাম অব এনভায়রনমেন্টাল জার্নালিস্ট অব বাংলাদেশের (এফইজেবি) সাথে যৌথভাবে আয়োজিত এ অধিবেশনে ডব্লিউডব্লিউএফজে মহাসচিব এবং এপিএফইজে চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করেন।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পানি বিষয়ক গণমাধ্যম কর্মসূচির টিম কুলেন, জাপান ওয়াটার ফোরামের ইউকারি সুজুকি, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মোহাম্মদ সবুর, বাংলাদেশে নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত কিস বিমস্টারবোয়েরসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা এ উপলক্ষে বক্তব্য রাখেন।

আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, আন্তঃসীমান্ত নদীর পানিসম্পদ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত ইস্যুগুলো বাংলাদেশের জন্য প্রধান উদ্বেগের বিষয়।

তিনি বলেন, নদী ব্যবস্থাপনা, নদী চুক্তি এবং এমনকি আন্তর্জাতিক সহযোগিতার বিনিময়ের অধীনে সংশ্লিষ্ট আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে জাতীয় পদক্ষেপ জোরদার ও অব্যাহত রাখার ব্যাপারে আমরা আহ্বান জানিয়েছি।

মন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদের মতে, পানি, স্যানিটেশন ও জলবায়ু পরিবর্তন ইস্যুগুলো জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক কর্মসূচিতে তুলে ধরে সাংবাদিকরা জনগণের স্বপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তারা এর মাধ্যমে বাংলাদেশ ও অন্যান্য দেশের জনগণের ওপর জলবায়ু পরিবর্তনের অপপ্রভাব লাঘবে সহায়তা দিতে পারেন।

কিস্টিনা আই ওয়ালিক বলেন, ঢাকা থেকে টু স্ট্রোক যানবাহন তুলে নেওয়ার মাধ্যমে বায়ু দূষণ রোধে সাফল্য অর্জন সম্ভব হয়েছিল। কিন্তু ঢাকার বাতাস আবার দূষিত হতে শুরু করেছে।

তিনি বলেন, বাংলাদেশের প্রতি কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এক হাজারে পৌঁছতে শুরু করেছে। এ ঘনত্ব বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এতে করে বাংলাদেশের সম্পদের ওপর মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।

ওয়ালিক জানান, বিশুদ্ধ পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাষণ ব্যবস্থাপনা ইতোমধ্যেই একটি প্রধান চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। ঢাকার মাত্র ২৭ শতাংশ বাসিন্দার জন্য পর্যাপ্ত পয়ঃনিষ্কাষণ ব্যবস্থা রয়েছে।

আগামী ২০ বছরে দেশের পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাষণ নিশ্চিত করতে ৮ শ’ কোটি মার্কিন ডলার প্রয়োজন বলে বিশ্বব্যাংক নির্ধারণ করেছে।