২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়া ইপিজেডের অবকাঠামোগত সমস্যায় শিল্পপতিদের উদ্বেগ

আশুলিয়া রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) শিল্প উদ্যোক্তরা সেখানকার অগোছালো অবকাঠামোগত অসুবিধায় উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 05:01 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

একটি শিল্পঞ্চল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বাধা হিসেবে শিল্পপতিরা ইপিজেডের মধ্যেকার বিভিন্ন অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করেছেন। এর মধ্যে রয়েছে সেখানকার অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা, অপ্রশ্বস্ত সড়ক, বিদ্যুতের লোডশেডিং, লো ভোল্টেজ এবং ইপিজেডের ভেতরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকা।

আশুলিয়া ইপিজেডে বর্তমানে প্রায় ২০০ শিল্প কারখানায় প্রায় পাঁচ লাখের মত শ্রমিক কর্মরত এবং আরো বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান নির্মাণাধীন রয়েছে।

আশুলিয়া ইপিজেডে একটি শিল্প ইউনিটের মালিক বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহ--সভাপতি সালাম মুর্শেদী জানান, ইপিজেডের কারখানাগুলো থেকে প্রতিদিন প্রায় এক লাখ লিটার বর্জ্য নিষ্কাশন হলেও এখানে পরিকল্পিত কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই।

তিনি এখানকার সড়কগুলোকে অপ্রশ্বস্ত উল্লেখ করে বলেন, সড়কগুলো ৫০ টনের বেশি ওজন নিতে অক্ষম। তিনি ইপিজেডের কারখানাগুলো থেকে উৎপাদিত পণ্যের ওজন বহনে সক্ষম করে সড়কগুলোর উন্নয়নের কথা বলেন।   

ইপিজেডের সরু গ্যাস লাইনের কথা বললেন স্টারলিং অ্যালিয়েন্সের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান। তিনি জানান, কারখানায় গ্যাস সরবরাহের জন্য ১০* ১৪০ মাপের গ্যাস পাইপ স্থাপন করা প্রয়োজন।

সিদ্দিকুর রহমান ইপিজেডে অবস্থিত শ্রমিকদের আবাসনেও গ্যাস সরবরাহের জন্যে সরকারের প্রতি দাবি জানান।

বিদ্যুতের লোডশেডিং এবং লো ভোল্টেজকে ইপিজেডের অন্যতম প্রধান সমস্যা উল্লেখ করে সাউদার্ন গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম খন্দকার বলেন, ইপিজেডের শিল্প কারখানার মালিকদের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা এবং জেনারেটর কিনতে অক্ষম ছোট ছোট কারখানাগুলোকে সহায়তার জন্যে এখানে একটি বিদ্যুত কেন্দ্র স্থাপন করা অত্যন্ত জরুরী।

তাছাড়া ইপিজেড অঞ্চলকে যেকোনো ধরনের অগ্নিকা-ের হাত থেকে রক্ষা করতে এখানে একটি ফায়ার স্টেশন প্রতিষ্ঠারও দাবি জানান তিনি। ইপিজেডের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা উচিত বলে মনে করেন রেজাউল করিম।

ইপিজেড অভ্যন্তরের সড়কগুলোতে বাতি এবং শ্রমিক ও পথচারীদের চলাচলের সুবিধার জন্যে ফুটপাত নির্মানের দাবি তুলেছেন শিল্প উদ্যোক্তরা।