২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিলেন বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে ব্যবসায়ী সিন্ডিকেটের অস্তিত্ব স্বীকার করে বাণিজ্যমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ রোববার তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত এক বৈঠকে মন্ত্রী বলেন, আমরা এখন সিন্ডিকেটের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। তাদেরকে চিহ্নিত করার পর আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেব।

বাণিজ্যমন্ত্রী বাজারে চাঁদাবাজির ঘটনার ব্যাপারে বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

হাফিজ উদ্দিন বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে বাণিজ্য মন্ত্রণালয় একাই দায়ী নয় এবং তার মন্ত্রণালয় এ ব্যাপারে কাজ করে যাচ্ছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তিনি সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের কাজ দ্রব্যমূল্য কমানো।

তিনি বর্তমান নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কথা স্বীকার করেন এবং শিগগিরিই তা ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের বর্তমান সংকটের সাথে বাণিজ্যের কোনো সম্পর্ক নেই। কিন্তু নেতিবাচক রাজনীতির জন্যে এটি সৃষ্টি করা হয়েছে।

এফবিসিসিআই এর নিজস্ব ভবনের জন্যে প্রধানমন্ত্রী জমি বরাদ্দ দেবেন  বলে তিনি এফবিসিসিআই নেতাদের আশ্বস্তকরেন।

এফবিসিসিআই সভাপতি এম নাসির হোসেন, বাণিজ্য সচিব আব্দুল করিম, সহ-সভাপতি মোহাম্মদ আলী এবং বিভিন্ন চেম্বার এন্ড কমার্সের প্রতিনিধিরা ব্ঠৈকে উপস্থিত ছিলেন।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এফবিসিসিআই সভাপতি মন্ত্রীকে ‘পণ্য মূল্য মনিটরিং সেল’ গঠনের প্রস্তাব দেন। 

তিনি আরো বলেন, বাজার মূল্য নিয়ন্ত্রণে সরকার তেল, গুড়ো দুধ, চিনি, লবন প্রভৃতি পণ্যের ওপর নির্দিষ্ট করারোপ করতে পারে।