২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেল পাচার রোধে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সীমান্তে নজিরবিহীন নিরাপত্তা

ভারতে জ্বালানি তেল পাচার রোধে দেশের দক্ষিণ--পশ্চিম সীমান্ত এলাকার পাম্পগুলোতে বিডিআর জওয়ানদের সার্বক্ষণিক নিয়োগের মাধ্যমে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

যশোরের বেনাপোল ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্যবাহী কোন ট্রাক যাতে বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচার না হতে পারে সেদিকে নজর রাখার জন্য বিডিআর মোতায়নসহ সীমান্তের বিডিআর ক্যাম্প, চেকপোস্ট ও বিওপিগুলোতেও রাখা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা।

এ ব্যাপারে যশোর বিডিআরের অ্যাডজুট্যান্ট সালাহউদ্দিন জানান, জ্বালানি তেল পাচাররোধে সীমান্ত এলাকায় এখন যেভাবে কড়কড়ি আরোপ হয়েছে এর আগে তা কখনো হয়নি। শুধুমাত্র এ কারনে খুলনা থেকে অতিরিক্ত জওয়ান ও অফিসার আনা হয়েছে।

সীমান্ত সংলগ্ন প্রত্যেকটি পাম্পে দুজন করে বিডিআর সদস্য সার্বক্ষণিক অবস্থান করছে। নিরাপত্তার ক্ষেত্রে সকাল থেকে রাত পর্যন্ত তেল পাম্পের তেল উত্তোলনসহ বিক্রির সব কাগজপত্রও তারা পরীক্ষা করছে। এ ছাড়া ক্রেতাদের ওপরও কড়া নজর রাখা হচ্ছে।

সূত্র জানায়, প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে আড়ইশ’ থেকে তিনশ’ ট্রাক প্রবেশ করে। আগে এসব ট্রাক ঢুকতো প্রায় তেলশূণ্য অবস্থায় এবং ফেরার সময় তেল ভরা থাকতো। বেনাপোল-ভোমরা উভয় বন্দরেই এই ঘটনা ঘটতো। সম্প্রতি বন্দরে নিরাপত্তা জোরদার করায় প্রতিদিনি ৫০ থেকে ৬০ হাজার লিটার জ্বালানি তেল এই প্রক্রিয়ায় পাচার বন্ধ হয়েছে। পণ্যবাহী ওই সব ট্রাক দেশে ঢোকার সঙ্গে সঙ্গেই বিডিআর জওয়ানরা গাড়িতে থাকা তেলের পরিমান লিখে রাখে এবং ফেরার সময় আবার তা পরীক্ষা করে।

আইনানুযায়ী সীমান্তের ৮ কি.মি এর মধ্যে কোন ফিলিং স্টেশন থাকার নিয়ম না থাকলেও যশোরের বেনাপোল সীমান্তের খুব কাছেই পাঁচটি ফিলিং স্টেশন রয়েছে। এ ব্যাপারে ২৫ রাইফেল ব্যাটালিয়নের পক্ষ থেকে যশোরের জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হলে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ওয়াজেদ জানান, তিনি বিষয়টি জ্বালানী মন্ত্রণালয়কে জানিয়েছেন। তবে স্টেশনগুলো বন্ধ না করে সেগুলো ৮ কি.মি’র বাইরে স্থাপনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

এদিকে জ্বালানী তেল পাচার প্রতিরোধে হঠাৎ করে আমদানিকৃত পণ্যবোঝাই ট্রাকগুলোতে বিডিআরের ঢালাও তল্লাশীর কারনে স্থবির হয়ে পড়েছে দেশের একমাত্র গুরুত্বপূর্ণ বৃহত্তর স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত--বাংলাদেশ আমদানী রপ্তানী বাণিজ্য।

তবে আমদানী রপ্তানী দ্রুত করার জন্যে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক ও বাংলাদেশী রপ্তানীমূখি পণ্য বোঝাই ট্রাক যাতে দ্রুত উভয় দেশের বন্দর এলাকায় প্রবেশ করতে পারে সে ব্যাপারে তল্লাশি পদ্ধতি আরও সহজ করার কথা ভাবছে বিডিআর কর্তৃপক্ষ।