কন্টেইনারে জ্বালানি সরবরাহের ওপর মন্ত্রণালয় কোনও নিষেধাজ্ঞা আরোপ করেনি: জ্বালানি উপদেষ্টা
দিনের অর্ধেক সময় জুড়ে থাকা লোডশেডিংয়ের সময় পোশাক কারখানার কার্যক্রম পরিচালনার জন্য জ্বালানি সরবরাহ না পাওয়ায় দেশের পোশাক রপ্তানিকারকরা যে অভিযোগ করেছেন, সরকারের জ্বালানি উপদেষ্টা বৃহস্পতিবার তার পাল্টা অভিযোগ উত্থাপন করেছেন।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দ বৃহস্পতিবার জ্বালানি উপদেষ্টার কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করতে গেলে মাহমুদুর রহমান তাদেরকে বলেন, ইলেক্ট্রনিক মিডিয়ায় আমি আপনাদের কঠোর কথা শুনেছি। কিন্তু এ ধরনের বিবৃতি প্রদানের আগে আপনাদের উচিৎ ছিল আমার সাথে কথা বলা।
বিজিএমইএ ২ মে এক সংবাদ সম্মেলনে বলেন, বিদ্যুৎ ও ডিজেল সংকটের কারণে তাদের কারখানা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। কেননা, তাদেরকে লোডশেডিংয়ের সময় জেনারেটর চালিয়ে কারখানা সচল রাখতে ব্যর্থ হয়ে অবশেষে কারখানা কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখতে হয়।
মন্ত্রণালয়ের নির্দেশের প্রেক্ষিতে পাম্পমালিকরা কন্টেইনারে ডিজেল সরবরাহ করছেন না বলে রপ্তানিকারকরা যে দাবি করেছেন, তা উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, আমরা এ ধরনের কোনো সিদ্ধান্ত নেইনি।
তিনি বলেন, যদি কোনো ডিলার এটি দাবি করেন তাহলে তিনি নিজের স্বার্থেই এটি করেছেন।
মাহমুদুর রহমান ভবিষ্যতে পোশাক কারখানায় পর্যাপ্ত ডিজেল সরবরাহের নিশ্চয়তা দেন। পাশাপাশি তিনি জ্বালানি সংকটের গুজবকে উড়িয়ে দেন। তিনি বলেন, এ মুহূর্তে আমাদের কাছে সাড়ে ৩ লাখ টন পেট্রোলিয়াম মজুদ রয়েছে, যা দেশের মাসিক চাহিদার চেয়ে অনেক বেশি।
রহমান বলেন, ৩ লাখ টনেরও বেশি পেট্রোলিয়াম আমদানি প্রক্রিয়াধীন রয়েছে।
ভবিষ্যতে জ্বালানি তেলের দাম বাড়তে পারে এমন আশঙ্কায় অনেক পোশাক কারখানার মালিক ডিজেল মজুদ করে রাখছে বলে জ্বালানি উপদেষ্টা উল্লেখ করেন। জ্বালানি তেল মজুদ করে না রাখার জন্য তিনি পোশাক কারখানার মালিকদের প্রতি আহ্বান জানান।
যে সকল পেট্রল পাম্পের কাছ থেকে পোশাক কারখানার মালিকরা ডিজেল সংগ্রহ করেন, তাদের একটি তালিকা পেশ করতে মাহমুদুর রহমান বিজিএমইএ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পোশাক কারখানায় উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার জন্য এই সব পাম্পগুলোকে আমরা পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করবো।
এক প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি টিপু মুনশি বলেন, দিনে পাঁচ থেকে ছয় বার লোডশেডিংয়ের কারণে আমরা গত তিন-চার দিন ধরে ব্যাপক সমস্যার মুখোমুখি হচ্ছি। এর ফলে উৎপাদন অব্যাহত রাখতে আমরা জেনারেটর চালাতে বাধ্য হচ্ছি।
তিনি বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে অর্ডার সরবরাহ করতে ব্যর্থ হলে ক্রেতারা তাদের অর্ডার বাতিল করতে পারে বলে বিজিএমইএ উদ্বিগ্ন।
বিজিএমইএ নেতৃবৃন্দ তাদের পাঁচ দফা দাবি নিয়ে বাণিজ্যমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। দাবি পূরণের ব্যাপারে মন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন বলে তারা জানিয়েছেন।
সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী ভবন ধস ও অগ্নিকা-ের ঘটনায় শ্রমিকের প্রাণহানির বিষয়টি ্ এড়িয়ে চলতে বাধ্যবাধকতা ইস্যুগুলো মেনে চলার জন্য বিজিএমএ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
