নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের যন্ত্রপাতি চালনা ও ব্যবহার বেসরকারিকরণ করা হবে: নৌ পরিবহন মন্ত্রী
নৌ পরিবহন মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেন মঙ্গলবার বলেছেন, চট্টগ্রাম বন্দরের নির্মাণাধীন নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) যন্ত্রপাতি চালনা ও ব্যবহার বেসরকারিকরণ করা হবে।
বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার নব গঠিত সামুদ্রিক পরিষদের প্রথম বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি বলেন, চলতি বছরের নভেম্বর মাসে এনসিটি কার্যক্রম শুরু করার উপযোগী হবে।
সামুদ্রিক পরিষদের সভাপতি আকবর হোসেন বলেন, বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের প্রেক্ষাপটে পরিষদ গঠনের প্রয়োজন ছিল। অন্যান্য দেশের মতো পরিষদের টার্মস অব রেফারেন্স প্রস্তুত করার জন্যে নৌ পরিবহন মন্ত্রী কমিটির সদস্যদের আহ্বান জানান।
অন্যান্য দেশের আদলে প্রতিবেদন চূড়ান্ত করার জন্যে মন্ত্রী এক মাস সময়সীমা বেঁধে দিয়েছেন। প্রতিবেদন পরবর্তী সভায় উত্থাপন করার জন্যে কমিটির সদস্যদের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সহ--সভাপতি আমিরুল হক এনসিটির মালিকানা বন্দর কর্তৃপক্ষের হাতে রেখে এটির পুরো ব্যবস্থাপনার দায়িত্ব বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার দাবি জানানোর পরই সভায় বিতর্ক শুরু হয়ে যায়।
সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র অথবা তার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
মন্ত্রী পরে সামুদ্রিক পরিষদের ২০ সদস্যের নাম ঘোষণা করেন।
