আন্তর্জাতিক বাজারে চিনির দাম দ্বিগুণ হওয়ায় দেশে চিনির দাম বেড়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী মেজর অব. হাফিজ উদ্দিন আহম্মেদ, বীববিক্রম চিনির দাম বৃদ্ধির কথা স্বীকার করে বলেছেন, চিনির দাম বেড়েছে এটা সত্য।
তবে আন্তর্জাতিক বাজারে চিনির দাম দ্বিগুণ হওয়ার কারণেই দেশে চিনির দামে এ উর্ধগতি ঘটেছে। তিনি জানান, আগে প্রতি মেট্রিক টন চিনির দাম যেখানে ছিল ২৫২ ডলার, বর্তমানে তা টন প্রতি ৪৮২ ডলারে দাঁড়িয়েছে।
বিএনপি’র সাংসদ রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে মঙ্গলবার সংসদে বাণিজ্য মন্ত্রী একথা বলেন।
তিনি আরও জানান, বাজারে বর্তমানে চিনির কোনও সংকট নেই। মিল গেটে প্রতি কেজি চিনি ৩৯ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও টিসিবি সাশ্রয়ী মূল্যে ৪১ টাকা দরে ঢাকাসহ বিভিন্ন মহানগরে খোলাবাজারে চিনি বিক্রি করছে।
তিনি বলেন, চিনির সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখতে টিসিবি দু’লাখ টন চিনি আমদানীর প্রক্রিয়া শুরু করেছে। এর মধ্যে ১০ হাজার টন চিনি আমদানীর জন্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহবান করা হয়েছে।
মন্ত্রী আরো জানান, চিনির দাম স্থিতিশীল রাখতে আমদানী শুল্ক ৭২ দশমিক ৫ টাকা থেকে কমিয়ে ৪৩ দশমিক ৭৫ টাকা পুননির্ধারণ করা হয়েছে। এছাড়াও চিনির বিকল্ক হিসেবে গুড়ের আমদানী অবাধ করা হয়েছে।
আওয়ামী লীগের শাহজাহান খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, পত্রিকার মাধ্যমে সিন্ডিকেটের কথা শুনেছি। তদন্ত করে দেখা হবে। যদি এমন কেউ থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের মির্জা আযমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত চার লাখ ৫১ হাজার টন চিনি আমদানী করা হয়েছে।
অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, চিনির দাম কমিয়ে আনার জন্যে চেষ্টা করা হচ্ছে।
